প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ২২:৪৮ পিএম
ভিয়েতনামে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল পৌঁছে গিয়েছে ঈদের দিনই। হ্যানয় বিমানবন্দরে পৌঁছে ২১ মার্চ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জামাল ভূঁইয়া-শমিত সোমরা। কিন্তু হামজা চৌধুরী দলের সঙ্গে যেতে পারেননি। অবশেষে মঙ্গলবার (২৪ মার্চ) ভিয়েতনামে পৌঁছেছেন বাংলাদেশের এই তারকা ফুটবলার। হামজার ভিয়েতনামে পৌঁছানোর কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ভিয়েতনাম-সিঙ্গাপুর
ম্যাচ সামনে রেখে ২০ মার্চ বাফুফে ২৩ সদস্যের দল ঘোষণা করে। বাফুফের ঘোষিত দলে শমিত-জামাল-মোরসালিনদের
সঙ্গে আছে হামজার নামও। দল ঘোষণার পর দিনই হামজার ভিয়েতনামে পৌঁছানোর কথা ছিল।
নির্ধারিত
সময়ে কেন পৌঁছাতে পারেননি, সেই ব্যাখ্যায় ২২ মার্চ বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের
খান বলেছিলেন, ‘আসলে হামজার আসার যে তারিখটা ছিল, সেটা নিয়ে অনেকে বিভ্রান্তিতে ছিলেন।
কেউ বলেছিলেন ২১ তারিখ। আসলে আমরাও এভাবে তৈরি করেছিলাম। ২২ তারিখ হামজা এখানে জয়েন
করবে। যেহেতু হামজার একটা ম্যাচ ছিল, প্রথমে তার দলের সঙ্গে থাকার কথা ছিল। কিন্তু
পরে তার নাম খেলোয়াড়দের তালিকায় ছিল।’
২৬
মার্চ প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভিয়েতনাম। ভিয়েতনাম ম্যাচের এক সপ্তাহ না
পেরোতেই সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই দুটি ম্যাচই বাংলাদেশের জন্য অ্যাওয়ে
ম্যাচ। যার মধ্যে ৩১ মার্চ বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের
অন্তর্ভুক্ত।
১১
পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে সি-গ্রুপের শীর্ষে সিঙ্গাপুর। দুই, তিন ও চারে থাকা
হংকং, বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ৮, ৫ ও ২। প্রত্যেকেই পাঁচটি করে ম্যাচ খেলেছে। যেখানে
গত বছরের নভেম্বরে জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
কার্ডের
নিষেধাজ্ঞায় ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচের দলে নেই তপু বর্মণ। তার অনুপস্থিতিতে রক্ষণভাগে
বিশ্বনাথ ঘোষকে ফিরিয়েছেন কোচ জাভিয়ের ক্যাবরেরা। দেড় বছর পর জাতীয় দলে ফিরেছেন তিনি।
এই সময়ে বদলে গেছে অনেক কিছু। হামজা চৌধুরী, শমিত সোমদের মত তারকারা যোগ দিয়েছেন দলে।
তাদের সঙ্গে খেলতে এখন মুখিয়ে বিশ্বনাথ। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় বিশ্বনাথ বলেন,
‘হামজা ভাই বা শমিতদার কথা না বললেই নয়। তারা বড় মাপের ফুটবলার। তাদের সঙ্গে অনুশীলন
করাটা উপভোগ করছি। অনেক কিছু শিখছি। সব মিলিয়ে জাতীয় দলে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে।
সব কিছু মিলে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’
দেড়
বছর পর জাতীয় দলে ফেরার গল্পটাও বললেন বিশ্বনাথ,‘দীর্ঘ চোট কাটিয়ে কবে মাঠে ফিরব, সেই
চিন্তা ছিল। জাতীয় দল নিয়ে অত চিন্তা করিনি। ঘরোয়া লিগ নিয়ে চিন্তা করেছি। যদি ঘরোয়া
লিগ খেলতে পারি, অবশ্যই জাতীয় দলে ফিরব। ভগবানের কৃপায় আমি চারটা ম্যাচ খেলেছি। তখন
হয়তোবা কোচের মনে হয়েছে যে আমি তাদের দৃষ্টিতে আপ টু দ্য মার্ক পারফর্ম করেছি। হয়তোবা
সেকারণে আমাকে এখানে ডেকেছে।’
আরকে/প্রবা