× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনান ম্যাজিকে সাফে বাংলাদেশের শিরোপা-মিশন শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ২২:৪৪ পিএম


শুরু থেকেই যার প্রতি প্রত্যাশা ছিল সবার, সেই রোনান সুলিভান বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচেই সেই প্রত্যাশা মিটিয়েছেন পুরোপুরি। ছবি : সাফ

শুরু থেকেই যার প্রতি প্রত্যাশা ছিল সবার, সেই রোনান সুলিভান বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচেই সেই প্রত্যাশা মিটিয়েছেন পুরোপুরি। ছবি : সাফ

রেফারি খেলা শেষের বাঁশি বাজাতেই যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান ও ডেকলান সুলিভান ব্রাদার্স লাল- সবুজের পতাকা হাতে দর্শকদের অভিবাদনের জবাব দিতে ব্যস্ত হয়ে পড়লেন। গ্যালারিতে শত শত প্রবাসী দর্শক উল্লাসে মত্ত। পরে গ্যালারির সামনে গিয়ে দর্শকদের সঙ্গে হাত মেলান বাংলাদেশের অন্য ফুটবলাররাও। এই আনন্দ জয়ের-শুভসূচনার। সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়নশিপে বি-গ্রুপে জয় দিয়েই শিরোপা মিশন শুরু করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৪ মার্চ) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ম্যাচে রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে জুনিয়র বেঙ্গল টাইগার্স বাহিনী। ম্যাচসেরার পুরস্কার জেতেন লাল-সবুজের জার্সি গায়ে অভিষেক হওয়া রোনান বেঞ্জামিন সুলিভান।


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। তবে একাধিক সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি তারা। একাধিক প্রচেষ্টার পর দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে অসাধারণ-দৃষ্টিনন্দন ফ্রি কিকে বাংলাদেশকে প্রথম সাফল্যে এনে দেন রোনান (১-০)। বক্সের বাইরে থেকে তীব্রগতির শটে জাল খুঁজে নেন মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলা এ ফরোয়ার্ড (১-০)। ম্যাচের ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে ওয়ান অন ওয়ান পজিশনে বল পেয়েও সুযোগ হাতছাড়া করেন মুর্শেদ আলী। মিনিট পাঁচেক পর বক্স থেকে হেডে বাংলাদেশের জালে বল জড়িয়েছিল পাকিস্তান। তবে গোলকিপার ইসমাইল হোসেনকে ফাউল করায় গোল বাতিল করে দেন ম্যাচ রেফারি। ৬৫ মিনিটে বক্স থেকে নেয়া মুর্শেদ আলীর নিচু শট পোস্ট ঘেষে বাইরে চলে যায়। মিনিট দুয়েক পরই লাল-সবুজদের ব্যবধান দ্বিগুণ করেন রোনান। সতীর্থের ক্রস বক্সে পেয়ে আলতো হেডে জালে জড়ান তিনি (২-০)।


৮৪ মিনিটে একটুর জন্য ব্যবধান ৩-০ করতে পারেনি বাংলাদেশ। সুমনের ক্রস গোলমুখে পেলেও হেড লক্ষ্যে রাখতে পারেননি নাজমুল হুদা ফয়সাল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হয় মার্ক এডওয়ার্ড কক্সের শিষ্যদের। এ ম্যাচের স্কোয়াডে থাকলেও অবশ্য অভিষেক হয়নি রোনানের ভাই ডেকলান সুলিভানের। এই ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে লাল-সবুজরা।

জিতলেও ম্যাচের আগে ট্রেনিংয়ের সুযোগ-সুবিধা নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছিল বাংলাদেশ দল।

সাত দলের লড়াইয়ে দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে মোট চার দল যাবে সেমিফাইনালে। ৩ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল।

সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে নিয়মিতই খেলে বাংলাদেশ। ২০১৫ সালে প্রথম অংশ নিয়ে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল তারা। এরপর থেকে অনুর্ধ-১৮, ১৯ ও ২০ পর্যায়ে মোট সাতবার খেলেছে। যার মধ্যে চ্যাম্পিয়ন একবার, ২০২৪ সালে। অন্য ছয়বারের মধ্যে রানার্সআপই চারবার।

গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা করায় বাংলাদেশ অনুর্ধ-২০ ফুটবল দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘সাফ অনুর্ধ-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শুরুতেই পাকিস্তানের বিপক্ষে আমাদের এই দাপুটে জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। বিশেষ করে রোনান সুলিভান তার অভিষেক ম্যাচেই জোড়া গোল করে যে নৈপুণ্য দেখিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।’

তিনি আরও বলেন, এই জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। তাদের এই অসামান্য অর্জন দেশের ফুটবলকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাদের এই অদম্য স্পৃহা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে তারা আরও ভালো করবে এবং দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে বলে আাশাবাদ ব্যক্ত করেন।


প্রতিমন্ত্রী আমিনুল হক দলের সকল খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে এই জয়ের ধারা বজায় রাখার জন্য শুভকামনা ব্যক্ত করেন।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা