বাংলাদেশ জুডো দলের কাঠমান্ডু জয়
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ২২:২৭ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৬ ২২:৩১ পিএম
নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। টুর্নামেন্টজুড়ে আধিপত্য বিস্তার করে ৪টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জপদক জিতে রানার্সআপ ট্রফি নিজেদের করে নিয়েছে বাংলাদেশের জুডোকারা।
গত
সোমবার (২৩ মার্চ) সাফল্যের মুকুট মাথায় নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ
দল। সেখানে বাংলাদেশ জুডো ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জুডোপ্রেমীরা খেলোয়াড়দের
ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
কাঠমান্ডুর
নয়া বাজারে অবস্থিত বহুমুখী মার্শাল আর্ট কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ,
নেপাল ও ভুটানের ৩০০ জুডোকা অংশ নেন। ১৯ মার্চ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের
জুডোকারা শুরু থেকেই টেকনিক ও কৌশলে এগিয়ে ছিলেন।
প্রতিযোগিতার
তৃতীয় দিনে বাংলাদেশের ফাবিহা বুশরা +৭০ কেজি ওজনে স্বর্ণ জেতেন। শুধু স্বর্ণ জয়ই নয়,
সেমিফাইনালে মাত্র ৪ সেকেন্ড এবং ফাইনালে ৩০ সেকেন্ডে প্রতিপক্ষকে ধরাশায়ী করে পুরো
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।
বাংলাদেশের
হয়ে ৩ বালক ও ৩ বালিকা জুডোকা অংশ নিয়েছিলো। যারা সবাই বিকেএসপির খেলোয়াড়। দলের ম্যানেজার
হিসেবে দায়িত্বে ছিলেন ড. লুৎফর রহমান, কোচের দায়িত্বে ছিলেন আবু বকর সিদ্দিক এবং দলের
অফিশিয়াল হিসেবে দায়িত্বে ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।
বাংলাদেশের
পদকজয়ের তালিকা : ফাবিহা বুশরা-স্বর্ণপদক
(+৭০ কেজি ওজন) ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, শাহিন আহমেদ স্বর্ণপদক (-৭৩ কেজি ওজন),
আজিজা আলেয়া লিয়ন-স্বর্ণপদক (অনূর্ধ-১৮ ক্যাডেট, +৫৩ কেজি), উসাচিং মারমা বিজয়-স্বর্ণপদক
(বালক ক্যাডেট, +৬২ কেজি), রেমি হাসি-ব্রোঞ্জপদক (বালিকা, -৪৫ কেজি)।
আরকে/প্রবা