প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ২২:২২ পিএম
২৩-৩১ মার্চ পর্যন্ত চীনের তিয়ানজিনে অলিম্পিক সেন্টার জিমনেসিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্ব জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপের ১০ম আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ।
আন্তর্জাতিক
উশু ফেডারেশন আয়োজিত এই দ্বিবার্ষিক প্রতিযোগিতা ২০০৬ সাল থেকে জুনিয়র স্তরের উশু
খেলোয়াড়দের জন্য বিশ্ব স্তরের বড় মঞ্চ হিসেবে পরিচিত হয়ে আসছে। প্রতিযোগিতায় দু’টি
মূল বিভাগ তাওলু ও সান্দার খেলা আয়োজিত হয়। তাওলু হলো কোরিওগ্রাফিক রুটিনভিত্তিক পারফরম্যান্স,
যেখানে উশুর কলাকৌশল, ভারসাম্য ও শৈল্পিক প্রকাশ বিচার করা হয়। অন্যদিকে, সান্দা হলো
পূর্ণ সংস্পর্শের (বডি কন্টাক্ট) লড়াই, যেখানে ঘুষি, লাথি ও প্রতিপক্ষকে ছুঁড়ে ফেলার
মাধ্যমে খেলোয়াড়দের শারীরিক সামর্থ, গতি ও কলাকৌশল পরীক্ষা করা।
বাংলাদেশের
আট সদস্যের দল গত সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দ্যেশ্যে
যাত্রা করে। বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল এএসএম রিদওয়ানুর রহমান বিমানবন্দরে
উপস্থিত থেকে তাদের বিদায় জানান।
দলের
মধ্যে তিন তাওলু খেলোয়াড় এবং দুই সান্দা খেলোয়াড় রয়েছেন। খেলোয়াড়রা হলেন লিসা,
সাদিয়া, শুভ, অর্পণ এবং লাবিব। দলকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ
সম্পাদক শিফু দিলদার হাসান দিলু (সান্দা হেড কোচ), তাওলু টিম লিডার হাবিবুর রহমান সিদ্দিকি
(রুবেল) এবং তাওলু কোচ আনোয়ার হোসেন।
চ্যাম্পিয়নশিপ শেষে দল আগামী ১ এপ্রিল ঢাকায় ফিরবে। এই প্রথম আন্তর্জাতিক অভিজ্ঞতা বাংলাদেশের জুনিয়র উশু খেলোয়াড়দের ভবিষ্যৎ প্রতিযোগিতার জন্য মূল্যবান শিক্ষা ও উদ্দীপনা যোগাবে।
আরকে/প্রবা