প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ ২১:৪৯ পিএম
চীনের হাইনান প্রদেশের সানিয়ায় আগামী ২২-৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান বিচ গেমসের ষষ্ঠ আসর। এই গেমসের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট কাবাডির গ্রুপিং ড্র হয়েছে।
পুরুষ কাবাডিতে অংশ নিচ্ছে মোট ৮টি
দল। বাংলাদেশ পড়েছে পুল এ-তে। তাদের প্রতিপক্ষরা হলো পাকিস্তান, ইরান ও সিরিয়া। অন্যদিকে
পুল বি-তে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা।
নারী কাবাডিতে এবার ৭টি দল অংশ নিচ্ছে।
বাংলাদেশ খেলবে পুল বি-তে। সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে বাংলাদেশের মেয়েদের লড়তে হবে
থাইল্যান্ড, চাইনিজ তাইপে ও নেপালের বিপক্ষে। নারী বিভাগের পুল এ-তে স্থান পেয়েছে ভারত,
শ্রীলঙ্কা ও সিরিয়া।
সানিয়া শহরে আয়োজিত এই মেগা ইভেন্টে
১৪টি খেলার অধীনে মোট ১৫টি ডিসিপ্লিন এবং ৬৩টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ১০ বছরের দীর্ঘ
বিরতির পর (সর্বশেষ ২০১৬ সালে ভিয়েতনামে অনুষ্ঠিত হয়েছিল) এশিয়ান বিচ গেমস আবার মাঠে
গড়াচ্ছে।
বিচ কাবাডিতে বাংলাদেশের রেকর্ড বেশ সমৃদ্ধ। ২০০৮ সালে বালিতে অনুষ্ঠিত প্রথম আসরে পুরুষ দল এবং ২০১০ সালে মাসকট ও ২০১২ সালে হাইয়াং আসরে নারী দল ব্রোঞ্জপদক জিতেছিল। এবার পদক পুনরুদ্ধারে নিবিড় অনুশীলন চালিয়ে যাচ্ছে দুই দল। বাংলাদেশ কাবাডি ফেডারেশন আশাবাদী -পাকিস্তান ও ইরানের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে পদক তালিকায় নাম লেখাবে লাল-সবুজরা। সানিয়ার উত্তাল সাগরের ঢেউ আর তপ্ত বালুর ওপর বাংলাদেশের কাবাডি যোদ্ধারা নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।
আরকে/প্রবা