প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ২০:৩২ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৬ ২০:৪১ পিএম
এএফসি এশিয়ান কাপের শেষ ম্যাচে আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে ভিয়েতনামে ২৬ মার্চ একটি ফিফা প্রীতি ম্যাচে অংশ নেবে জাভিয়ের ক্যাবরেরার দল। দুটি ম্যাচকে সামনে রেখে কাল সোমবার (১৬ মার্চ) থেকে ঢাকায় জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হচ্ছে। ঢাকার ক্যাম্পের জন্য আজ রবিবার ২৮ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেন হেড কোচ ক্যাবরেরা।
এই দুটি ম্যাচ খেলতে সরাসরি ভিয়েতনামে
দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে হামজা চৌধুরীর। ফলে ২৮ জনের এই স্কোয়াডে নেই লেস্টার
সিটি তারকার নাম। ২২ মার্চ ইংল্যান্ড থেকে সরাসরি ভিয়েতনামে যাবেন হামজা।
প্রায় দেড় বছর পর ইনজুরি কাটিয়ে দলে
ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। দীর্ঘদিন ইনজুরিতে ছিলেন তিনি। সর্বশেষ লাল-সবুজের
জার্সিতে খেলেছেন ২০২৪ সালে ভুটানের বিপক্ষে। আর ফেরার পর লিগ ম্যাচে চমৎকার খেলছেন।
এবার জাতীয় দলে ছন্দ টেনে আনার পালা তার।
এদিকে দীর্ঘ ৫ বছর পর দলে ফিরেছেন ডিফেন্ডার
মঞ্জুরুর রহমান মানিক। বর্তমানে ফর্টিস এফসিতে খেলা এই ডিফেন্ডারের এভাবে ফেরাকে অনেকেই
দেখছেন ইতিবাচক হিসেবে। এভাবেও যে ফেরা যায় তারই নতুন গল্প লিখলেন মানিক।
ঢাকায় আসার কথা রয়েছে ইতালির ওলিবিয়া
সালসিওর ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম, কানাডা প্রবাসী শমিত সোম ও ফিন ল্যান্ড প্রবাসী
তারিক কাজীর। ঢাকায় জাতীয় দলের ক্যাম্প হবে আগামী ২০ মার্চ পর্যন্ত। প্র্যাকটিস ভেন্যু
ঠিক করা হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়।
এবারই প্রথম জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে
ডাক পেলেন ব্রাদার্স ইউনিয়নের ইশাক আকন্দ। এর আগে অনুর্ধ-২০ জাতীয় ফুটবল দলের হয়ে খেলে
দৃষ্টি কাড়েন তিনি। আসেন এই গোলরক্ষক। এছাড়া
প্রথমবারের মতো প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির
ফরোয়ার্ড রফিকুল ইসলাম। 
জাতীয় দলের হয়ে এক ম্যাচ খেলেই বাদ
পড়েছেন কিউবা মিচেল। বাদ পড়েছেন ২০২৩ সাফে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক আনিসুর রহমান
জিকোও। ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার কিউবার অভিষেক হয়েছিল গত নভেম্বরে নেপালের বিপক্ষে
ম্যাচে। আর কিংসের হয়ে এই মৌসুমে ভালো খেললেও ক্যাবরেরার মন গলাতে পারেননি জিকো। ২০২৩
সালের সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক
হয়েছিলেন জিকো। কিন্তু এরপর মাঠের বাইরের ব্যক্তিগত কিছু বিতর্কে জড়িয়ে জাতীয় দল থেকে
জায়গা হারান তিনি। চলতি মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে দারুণ ফর্মে আছেন জিকো। কিংসের
আরেক গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের তুলনায় সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্সও ভালো।
তবুও কোচ অজানা কারণে তাকে দলে ডাকেননি।
ফুটবল অঙ্গনে গুঞ্জন রয়েছে, কোচ কাবরেরার
সঙ্গে জিকোর সম্পর্ক খুব একটা ভালো নয়, আর সে কারণেই শেষ পর্যন্ত তাকে দলে রাখা হয়নি।
জিকোর অনুপস্থিতিতে বর্তমানে আবাহনীর গোলরক্ষক মিতুল মারমাই জাতীয় দলের গোলপোস্টের
প্রধান ভরসা হয়ে উঠেছেন।
নিষেধাজ্ঞার কারণে উইঙ্গার রাকিবুল
হাসান ও ডিফেন্ডার তপু বর্মণের জায়গা হয়নি। এছাড়া ডিফেন্ডার তাজ উদ্দিনও বাদ পড়েছেন।
তরুণ স্ট্রাইকার মিরাজুল ইসলাম ও সুমন রেজা আবার দলে ফিরেছেন।
২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি
ম্যাচ খেলবে বাংলাদেশ। পরদিনই জামাল ভূইঁয়ারা যাবেন সিঙ্গাপুর। এশিয়ান কাপ বাছাইয়ের
সি-গ্রুপে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ৩১ মার্চ। এই দুই ম্যাচের জন্য শুধু
ঢাকায় ক্যাম্প করা ফুটবলারদের রাখা হয়েছে দলে।
হামজা চৌধুরীর সরাসরি ভিয়েতনামে যোগ দেবেন দলের সঙ্গে। হামজা না এলেও ঢাকায় অনুশীলন
ক্যাম্পে যোগ দিবেন চার প্রবাসী ফুটবলার শমিত সোম, জায়ান আহমেদ, ফাহামিদুল ইসলাম ও
তারিক কাজী।
৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ
বাছাইয়ের ‘সি’ গ্রুপে টেবিলের তিনে আছে বাংলাদেশ। ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম
লেগে হেরেছিল ২-১ গোলের ব্যবধানে। ফিরতি লেগ ৩১ মার্চ। আগেই বিদায় নেওয়া হামজা-শামিতদের
জন্য সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা।
ঢাকা ট্রেনিং ক্যাম্পের জন্য বাংলাদেশ
জাতীয় ফুটবল দল : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, ইশাক
আকন্দ, তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন,
জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মঞ্জুরুর রহমান, ইসা ফয়সাল, শাহ কাজেম
কিরমানি, শেখ মোরসেলিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মো. হৃদয়, শমিত
সোম, আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মিরাজুল
ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা।
আরকে/প্রবা