সিঙ্গাপুর সফরই কি ক্যাবরেরার শেষ?
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬ ২০:০৪ পিএম
ভিয়েতনামের সঙ্গে প্রীতি ম্যাচ ও সিঙ্গাপুরের
বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে ১৬ মার্চ থেকে।
এই ক্যাম্পকে ঘিরে বিভিন্ন ক্লাবে খেলোয়াড় চেয়ে চিঠি দিয়ে ইতোমধ্যে প্রস্তুতি শুরু
করেছে বাংলাদেশ ফুটবল ফেডরেশন (বাফুফে)। ক্যাম্পের শুরু থেকেই কয়েক প্রবাসী ফুটবলার
জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। তবে ইংল্যান্ডে খেলা হামজা চৌধুরী ঢাকায় না এসে পরবর্তীতে
সরাসরি ভিয়েতনামে গিয়ে দলের সঙ্গে যুক্ত হবেন।
বাফুফে সূত্রে জানা গেছে, চার প্রবাসী
ফুটবলার জায়ান আহমেদ ১৪ মার্চ, শমিত সোম ১৫ মার্চ, ফাহামেদুল ইসলাম ও তারিক কাজী ১৬
মার্চ ক্যাম্পে যোগ দেবেন। প্রবাসী এই খেলোয়াড়দের অন্তর্ভুক্তি জাতীয় দলের শক্তি বাড়াবে
বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।
জাতীয় দলের ক্যাম্পের জন্য ইতোমধ্যে
ক্লাবগুলোকে খেলোয়াড় ছাড়তে অনুরোধ জানিয়েছে বাফুফে। শনিবার বাংলাদেশ ফুটবল লিগের একাদশ
রাউন্ড শেষ হওয়ার কথা। ওই রাউন্ডের পরই ক্লাবগুলো জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়বে বলে
আশা করা হচ্ছে, যা চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পথ সুগম করবে। 
বৃহস্পতিবার (১২ মার্চ) বাফুফে ভবনে ন্যাশনাল টিমস
ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোকে ঘিরে বিস্তারিত প্রস্তুতি
পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে ভিয়েতনামের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
এবং সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের সি- গ্রুপের শেষ ম্যাচকে সামনে
রেখে দলের প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। বৈঠক শেষে ন্যাশনাল টিমস কমিটির
সদস্য আমিরুল ইসলাম বাবু বলেন, ‘কোচিং স্টাফ ইতোমধ্যে একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা
করেছে এবং সেই তালিকার খেলোয়াড়দেরই ক্যাম্পে রিপোর্ট করতে বলা হয়েছে।’ তার ভাষ্য অনুযায়ী,
১৬ থেকে ২০ মার্চ পর্যন্ত খেলোয়াড়রা ঢাকায় অবস্থান করে অনুশীলন ও প্রস্তুতি নেবেন।
এরপর ২০ মার্চ দলটি ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দিয়ে পরদিন সেখানে পৌঁছাবে। ভিয়েতনামে
অবস্থানকালেই ২৬ মার্চ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।
এই প্রীতি ম্যাচটি মূলত সিঙ্গাপুরের
বিপক্ষে গুরুত্বপূর্ণ বাছাইপর্বের ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে। ভিয়েতনামে
ম্যাচ শেষ করে ২৭ মার্চ সরাসরি সিঙ্গাপুরে যাবে বাংলাদেশ দল। সেখানে ৩১ মার্চ কালাং
স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ক্যাম্প চলাকালীন প্রবাসী খেলোয়াড়দের
আগমনের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। তবে হামজা চৌধুরী ঢাকার ক্যাম্পে অংশ না নিয়ে
২২ মার্চ সরাসরি ভিয়েতনামে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। বাফুফে কর্মকর্তারা
জানিয়েছেন, স্কোয়াড ও সফরসংক্রান্ত অন্যান্য বিষয়ে পরবর্তী আপডেট দল ভিয়েতনামের উদ্দেশ্যে
রওনা হওয়ার আগে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে জানানো হবে।
এদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান
কোচ জাভিয়ের ক্যাবরেরার ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত। আসন্ন সিঙ্গাপুর সফর দিয়েই শেষ
হতে যাচ্ছে স্প্যানিশ এই কোচের বর্তমান চুক্তির মেয়াদ। জাতীয় দল কমিটির বৈঠক শেষে মিডিয়া
কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, কোচের চুক্তি নবায়ন নিয়ে সভায় কোনো
আলোচনা হয়নি।
আরকে/প্রবা