প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬ ১৮:৫৩ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৬ ১৮:৫৩ পিএম
পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে অলআউট করার পর ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় টাইগাররা। ছবি: ফেসবুক থেকে
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে অলআউট করার পর ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় টাইগাররা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের পেস আক্রমণের সামনে বিপর্যয়ে পড়ে পাকিস্তান।
ইনিংসের ১০ম ওভারে বোলিংয়ে এসে প্রথম আঘাত করেন নাহিদ রানা। পয়েন্টে আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার সাহিবজাদা ফারহান। এরপর ১২তম ওভারে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হন শামিল হোসেন।
এরপর একের পর এক উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন নাহিদ। মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগাকেও ফিরিয়ে দিয়ে নিজের প্রথম পাঁচ ওভারেই ৫ উইকেট তুলে নেন এই তরুণ পেসার।
এটি নাহিদ রানার ক্যারিয়ারসেরা ওয়ানডে বোলিং। এর আগে পাঁচটি ওয়ানডে খেলেও তার উইকেট ছিল মাত্র পাঁচটি। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট নেওয়া দ্বিতীয় বোলারও তিনি।
নাহিদের পর পাকিস্তানের ইনিংসে শেষ আঘাতগুলো করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি আবদুল সামাদ, হোসেন তালাত ও পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে ফেরান। তাসকিন আহমেদও একটি উইকেট নেন, তার বলে শূন্য রানে আউট হন মোহাম্মদ ওয়াসিম।
পাকিস্তান যখন ৮২ রানে ৯ উইকেট হারিয়ে ধুঁকছে, তখন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ফাহিম আশরাফ। তবে তার ৪৭ বলে ৩৭ রানের ইনিংস বেশিক্ষণ স্থায়ী হয়নি। মুস্তাফিজুর রহমানের বলে আউট হলে ৩০.৪ ওভারে ১১৪ রানেই অলআউট হয় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এটিই পাকিস্তানের সর্বনিম্ন স্কোর।
বাংলাদেশের হয়ে নাহিদ রানা ৭ ওভারে ৩৪ রান দিয়ে নেন ৫ উইকেট। মেহেদী হাসান মিরাজ ১০ ওভারে ৩৪ রান দিয়ে নেন ৩ উইকেট। তাসকিন আহমেদ ৭ ওভারে ২৯ রান দিয়ে নেন ১ উইকেট এবং মুস্তাফিজুর রহমান ৪.৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ১ উইকেট।
১১৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বাংলাদেশের ব্যাটাররা। তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত দ্রুত রান তুলতে থাকেন। ইফতারের বিরতির আগেই ম্যাচ শেষ করার লক্ষ্য নিয়ে টি–টোয়েন্টি মেজাজে খেলেন তারা।
মাত্র ৩২ বলে ফিফটি পূর্ণ করেন তানজিদ। শেষ পর্যন্ত তিনি ৪২ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন। নাজমুল হোসেন শান্ত করেন ২৭ রান। বাংলাদেশ ১৫.১ ওভারেই ২ উইকেট হারিয়ে ১১৫ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে। হাতে ছিলো ২০৯ বল। ওয়ানডে ইতিহাসে এর চেয়ে বেশি বল হাতে রেখে বাংলাদেশ জিতেছে মাত্র দুই ম্যাচে। ম্যাচসেরা হন নাহিদ।
দাপুটে এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ মার্চ, শুক্রবার।