প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ ১৬:১৫ পিএম
সবশেষ বিসিবি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে রবিবার এনএসসির কাছে লিখিত অভিযোগ দিয়েছে তামিম ইকবালসহ ঢাকার ক্লাব সংগঠকরা। ছবি: ভিডিও থেকে
বিসিবি নির্বাচনে স্বচ্ছতার ঘাটতি ও নানা অনিয়মের অভিযোগ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (এনএসসি) বরাবর চিঠি দিয়েছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল।
বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে রবিবার এনএসসির কাছে লিখিত অভিযোগ দিয়েছে তামিম ইকবালসহ ঢাকার ক্লাব সংগঠকরা। এ সময় উপস্থিত ছিলেন তামিম ইকবাল, রফিকুল ইসলাম বাবু, লোকমান হোসেন, মাসুদুজ্জামান, ফাহিম সিনহার মতো বিভিন্ন ক্লাবগুলোর শীর্ষ সংগঠকরা।
আনুষ্ঠানিক অভিযোগ দেওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম জানান, বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি করার জন্য ক্রীড়া পরিষদকে চিঠিতে জানানো হয়েছে। সেই তদন্ত অনুযায়ী ক্রীড়া পরিষদকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন তারা।
তামিম বলেন, “আজকে আমরা একটা ফরমাল কমপ্লেনই বলতে পারেন এটা করতে আসছি। এটা সবচেয়ে অবাক করার বিষয় যেটা হইলো যে ৭৬টা ক্লাবের মধ্যে ৫০টা ক্লাব এ বিষয়ে অবজেকশন জানিয়েছে যে এই ইলেকশনটা রাইট ওয়েতে হয়নি। তো এটাই প্রমাণ করে আসলে ৭৬টার মধ্যে যদি ৫০টা ক্লাবই এটার সাথে একমত থাকে তাহলে এটাই তো অনেক কিছু প্রমাণ করে দেয়”।
এর আগে সবশেষ বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ সালের অক্টোবরে। সেই নির্বাচনের আগে থেকেই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডেকে নিয়ে অভিযোগ জানিয়ে আসছেন তামিম ইকবালসহ ঢাকার ৪৫ ক্লাব সংগঠকরা। যে কারণে তারা নির্বাচনও বর্জন করেন।