প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ২০:৪৯ পিএম
হতাশা ঝেরে ফেলতে একদমই সময় নিলেন না লিওনেল মেসি ও তার দল ইন্টার মায়ামি। লিগের প্রথম ম্যাচের পরাজয়ের ধাক্কা সামলে দ্বিতীয়টিতেই দলকে দারুণ এক জয় এনে দিলেন আর্জেন্টাইন এই মহাতারকা।
মেজর লিগ সকারে সোমবার (২ মার্চ) সকালের ম্যাচে
ওরলান্ডো সিটিকে ৪-২ গোলে হারিয়েছে মায়ামি। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধেই
গোল ৪টি করে মেসির দল। এর মধ্যে মেসি একাই করেন জোড়া গোল। লিগের প্রথম ম্যাচে এলএএফসির
কাছে ৩-০ গোলে হেরেছিল মায়ামি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রথম জয়ে আপাতত ইস্টার্ন কনফারেন্সের
সাত নম্বরে অবস্থান করছে তারা।
সোমবারের ম্যাচটিতেও শুরুতে ছিল পরাজয়ের
শঙ্কা। ম্যাচের ১৮ মিনিটে মার্কো পালাসিচ ও ২৪ মিনিটে মার্টিন ওজেদা গোল করলে ২-০ গোলে
এগিয়ে যায় ওরলান্ডো। সেখান থেকে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় মায়ামি। তবে প্রথমার্ধে
কোনো গোল শোধ দিতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৪৯ মিনিটে আর্জেন্টাইন তরুণ
মাতেও সিলভেত্তি করেন প্রথম গোল।
এরপর ৫৭ মিনিটে মেসির জাদু। গোছানো
আক্রমণে প্রতিপক্ষের ডি-বক্সের কাছে গিয়ে তিনি সামনে দেখেন অন্তত ৬ ফুটবলারের দেয়াল।
তারপরও চমৎকার শটে সেটি ভেদ করে বল জালে জড়ান আর্জেন্টাইন জাদুকর।
ম্যাচে সমতা ফিরলেও মায়ামির এগিয়ে যাওয়ার
জন্য অপেক্ষা করতে হয় আরও ২৮ মিনিট। ম্যাচের ৮৫ মিনিটে তেলাস্কো সেগোভিয়ার গোলে লিড
নেয় মায়ামি। আর ৯০ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে দারুণ এক ফ্রি-কিকে নিজের দ্বিতীয়
ও দলের চতুর্থ গোল করেন মেসি। পেশাদার ক্যারিয়ারে ফ্রি কিক থেকে এটি তার ৭০তম গোল,
স্পর্শ করেছেন ব্রাজিলের পেলেকে, তার সামনে একমাত্র আরেক ব্রাজিলিয়ান জুনিনহো । আর
সবমিলিয়ে ৮৯৮ গোল হয়ে গেল তার। 
আরকে/প্রবা