প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৫ পিএম
সেগুনবাগিচার দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে ঘটেছে এক অস্বস্তিকর পরিস্থিতি। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের একদল ভক্ত-সমর্থক হঠাৎ করেই কার্যালয়ে হাজির হয়ে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়ার চেষ্টা করেন।
দুদক সূত্রে জানা গেছে, ২০ থেকে ৩০ জনের একটি দল স্লোগান দিতে দিতে প্রধান কার্যালয়ে প্রবেশ করে। তারা দাবি তোলে, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গ্রহণ করতে হবে। পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ গ্রহণ না করলে তারা আরও কর্মসূচির হুঁশিয়ারিও দেন বলে জানা যায়।
কার্যালয়ের ভেতরে হট্টগোল ও চাপের মুখে স্বাভাবিক দাপ্তরিক কাজ ব্যাহত হয়। একপর্যায়ে বিশৃঙ্খলা এড়াতে সংশ্লিষ্ট বিভাগ লিখিত অভিযোগটি গ্রহণ করে। তবে দুদকের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে-অভিযোগ গ্রহণ মানেই তাৎক্ষণিক তদন্ত বা মামলা নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, একটি দল এসে কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে অভিযোগ গ্রহণে বাধ্য করেছে। অভিযোগটি বেনামে জমা দেওয়া হয়েছে এবং সেটি আপাতত প্রাথমিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি আরও জানান, দুদকে প্রতিদিনই নানা ধরনের অভিযোগ জমা পড়ে। প্রতিটি অভিযোগ নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী যাচাই-বাছাই করা হয়। সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত বা প্রাথমিক সত্যতা না পেলে অভিযোগ খারিজ করা হয়। আর অভিযোগে যথেষ্ট ভিত্তি পাওয়া গেলে তবেই পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হয়।
ঘটনার পর দুদক কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এমন পরিস্থিতি দাপ্তরিক পরিবেশের জন্য অস্বস্তিকর এবং সংবেদনশীল প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা জরুরি।
আরকে/প্রবা