প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২২ পিএম
বিশ্বের দুই ভিন্ন শহরে ভিন্ন প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে নেমে গোল করেছেন লাতিন আমেরিকার দুই সুপারস্টার ফুটবলার লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। দুজনের দলই জিতেছে।
শিরোনাম দেখে হয়তো মনে হতে পারে মেসির ভূপাতিত হওয়া দেখেই বুঝি নেচে উদযাপন করেছেন নেইমার। আসলে ব্যাপারটা তা নয়। দুজনে বিশ্বের দুই ভিন্ন শহরে খেলেছেন। ক্লাব পর্যায়ে দুজনেই জিতেছেন, করেছেন গোলও। যার মধ্যে নেইমার মূলত সমালোচকদের মুখ বন্ধ করতেই নেচেছেন। আর ভক্ত মাঠে ঢুকে মেসিকে জড়িয়ে ধরতে গেলে তার ধাক্কায় ভক্তসহ মাঠে পড়ে যান মেসি।
পুয়ের্তো রিকোতে মেসি ইন্দিপেন্দিয়েন্তে দেল ভ্যালের বিপক্ষে যে ম্যাচে গোল করেছেন, সেই ম্যাচটি হওয়ার কথা ছিল ১৩ ফেব্রুয়ারি। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ড তখন চোটে পড়ায় ম্যাচের সূচি প্রায় দুই সপ্তাহ পিছিয়ে যায়। মেসির দল ইন্টার মায়ামি জিতেছে ২-১ গোলে। এদিকে ভিলা বেলমিরোতে ব্রাজিলিয়ান সিরি ‘আ’-এর ম্যাচে নেইমারের দল সান্তোস খেলেছে ভাস্কো দা গামার বিপক্ষে। সান্তোসের ২-১ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ড।
ভিলা বেলমিরোতে ২৫ ও ৬১ মিনিটে দুই গোল করেন নেইমার। যার মধ্যে এক গোল করে কর্নার পতাকার কাছে গিয়ে ভিনিসিয়ুস জুনিয়রের মতো নেচে উদযাপন করেন। জয়ের পর সমালোচকদের এক হাত নিয়েছেন নেইমার। ম্যাচ শেষে স্পোর টিভিকে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড বলেন, ‘গত সপ্তাহে তারা বলেছিলেন বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড় আমি। এই ম্যাচে দুটি গোল করেছি। এটাই ফুটবল। একদিন আপনি ভালো না খেললে অবসর নেওয়ার পরামর্শ দেওয়া হবে। পরের দিন আবার বিশ্বকাপে খেলতে হবে।’
এ বছর এখন পর্যন্ত সান্তোসের হয়ে তিন ম্যাচ খেলেছেন নেইমার । যার মধ্যে দুটিতে তিনি পুরো ৯০ মিনিট খেলেছেন। ভাস্কো দা গামার বিপক্ষে পুরো সময় খেলে জয় নিয়ে মাঠ ছেড়েছেন তিনি। সিরি ‘আ’-এর এই ম্যাচ শেষে নেইমার বলেন, ‘নিজেকে উজাড় করে দিচ্ছি। এ বছর আমার তৃতীয় ম্যাচ। দ্বিতীয়বার পুরো ৯০ মিনিট খেলেছি। শেষ দিকে একটু পায়ে ব্যথা হচ্ছিল।’ ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সিরি ‘আ’-এর পয়েন্ট তালিকার ১৩ নম্বরে সান্তোস। তারা একটি করে ম্যাচ জিতেছে ও ড্র করেছে। দুটি ম্যাচ হেরেছে।
ইন্দিপেন্দিয়েন্তেকে ২-১ গোলে হারিয়ে শেষ হয়েছে ইন্টার মায়ামির প্রাক-মৌসুম সফর। মেসি নেমেছেন প্রথমার্ধের পর। আর্জেন্টাইন ফরোয়ার্ড পেনাল্টি থেকে গোল করেছেন। যতবার বল স্পর্শ করেছেন, গ্যালারি থেকে অভিবাদনবার্তা পেয়েছেন। মায়ামির অপর গোল করেছেন সান্তিয়াগো মোরালেস।
আরকে/প্রবা