প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০২ পিএম
মেক্সিকোয় চলমান সহিংসতা ঘিরে ২০২৬ বিশ্বকাপের ম্যাচ অন্যত্র সরানো হতে পারে-এমন আলোচনা জোরালো হয়েছে। দেশজুড়ে মাদক চক্র-সংক্রান্ত সহিংসতার প্রেক্ষাপটে প্রয়োজনে ম্যাচ সরানোর ক্ষমতা রয়েছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে মেক্সিকো। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। তবে টুর্নামেন্ট শুরুর আর মাত্র ১০৫ দিন বাকি থাকতে দেশটির শীর্ষ মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেনচো’ নামে পরিচিত-প্রশাসনের হেফাজতে মৃত্যুবরণ করার পর সহিংসতা ছড়িয়ে পড়ে।
রোববার সংঘর্ষে অন্তত ২৫ জাতীয় রক্ষীবাহিনীর সদস্য নিহত হয়েছে। একই দিনে পুয়ের্তো ভালিয়ার্তা শহরের একটি কারাগার থেকে সশস্ত্র হামলার মাধ্যমে ২৩ বন্দি পালিয়ে যায়। চলতি সপ্তাহজুড়ে সহিংসতা দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। সব মিলিয়ে ৭৪ প্রাণহানির খবর পাওয়া যায়।
২০২৬ বিশ্বকাপের বিধিমালা অনুযায়ী, স্বাস্থ্য, নিরাপত্তা বা সুরক্ষা-সংক্রান্ত উদ্বেগ কিংবা অপ্রতিরোধ্য পরিস্থিতির কারণে ফিফা তাদের একক বিবেচনায় একটি বা একাধিক ম্যাচ—এমনকি পুরো বিশ্বকাপ বাতিল, পুনর্নির্ধারণ বা অন্যত্র সরিয়ে নিতে পারে।
আরকে/প্রবা