প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৭ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৮ পিএম
জুনিয়র সাউথ এশিয়ান গেমসের দিন-তারিখ এখনো নির্ধারিত হয়নি। এ বছরের কোনো এক সময় হবে এই প্রতিযোগিতা। তার আগে বসে নেই বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। একঝাঁক সম্ভাবনাময়ী কিশোর-কিশোরী (অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯) নিয়ে হচ্ছে বাছাই এবং র্যাঙ্কিং প্রতিযোগিতা।
পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এতে অংশ নেয় ৩২ বালক ও
বালিকা। তিন দিনের মধ্যে যেখান থেকে ৪
ক্যাটাগরিতে (অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা, অনূর্ধ্ব-১৯ বালক ও বালিকা) ফাইনাল ১৬ জনকে বাছাই করা হবে। এরপর সেই ১৬ জনকে নিয়ে হবে জুনিয়র এশিয়ান গেমসের ক্যাম্প।
সেরা ১৬ জন নিয়ে দীর্ঘমেয়াদী ক্যাম্পটা হতে যাচ্ছে সাভারের জিরানির বিকেএসপিতে। টিটি ফেডারেশনের পরিকল্পনা অনেক বড়। এবার জুনিয়র সাউথ এশিয়ান গেমস শ্রীলঙ্কায় হওয়ার কথা রয়েছে। যদিও এখনো সময় জানা যায়নি। তবে টিটি ফেডারেশন বসে নেই। সাউথ এশিয়ানে তাদের প্রত্যাশা এবং স্বপ্ন অনেক বড়। এছাড়া নতুন খেলোয়াড় তুলে আনতেই তাদের এই প্রচেষ্টা। যাতে সামনে জাতীয় দলের পাইপালাইন আরও মজবুত থাকে।
বাছাই প্রতিযোগিতায় আছেন সদ্য শেষ হওয়া জাতীয় টেবিল টেনিসের নারী এককে এবং বালিকা এককে চ্যাম্পিয়ন হওয়া খই খই সাই মারমা। তার আগে সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে জাবেদ আহমেদের সঙ্গে জুটি বেঁধে মিশ্র দ্বৈতে রুপা জেতেন ১৮ বছর বয়সী খই খই।
অনূর্ধ্ব ১৯-এর সেরা বালক টেবিল টেনিস খেলোয়াড় হয়েছেন নাফিজ ইকবাল। অনূর্ধ্ব ১৫-তে মৃদুল রহমান, বালিকা বিভাগে জান্নাত ইসলাম রোজা।
অনূর্ধ্ব ১৯-এর বালকের বাকি নির্বাচিত খেলোয়াড় হলো : আবুল হাসেম হাসিব, তাহমিদুর রহমান সাকিব, মাহতাবুর রহমান মাহি, মনিরুল ইসলাম, জয় ইসলাম। অনূর্ধ্ব ১৯-এর বালিকার বাকি নির্বাচিত খেলোয়াড় হলো : রেশমী তঞ্চংগ্যা, নুসরাত জাহান অনন্যা, ঐশী রহমান, মুসরাত জান্নাত সিগমা, মোসাম্মৎ বুলবুলি। অনূর্ধ্ব ১৫-এর বালকের বাকি নির্বাচিত খেলোয়াড় হলো : মৃদুল রহমান, শাহীন আহম্মেদ, রাব্বী ইসলাম, ফাহমিদ ফুয়াদ, তাহমিদুল ইসলাম পরশ ও রাহাত মাহমুদ নূর।
ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদ সনেট বলেন, ‘সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপের ফিক্সচার ঘোষণা না হলেও আমরা অগ্রিম টিমের প্রস্তুতি নিয়ে রাখতেই চাই। আমাদের অনূর্ধ্ব ১৯ দলের অনেকের জন্য এটা শেষ টুর্নামেন্ট। আমাদের প্রত্যাশা টুর্নামেন্টে দেশের জন্য একটি ভালো ফলাফল বয়ে আনা।’
আরকে/প্রবা