প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১০ পিএম
জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে
হারলেও ‘টেকনোক্র্যাট’ কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন
আমিনুল হক। এক্ষেত্রে তিনটি রেকর্ড গড়েছেন তিনি। ক্রীড়াবিদদের মধ্যে প্রথম টেকনোক্রেট
মন্ত্রী, প্রথম ক্রীড়াবিদ হিসেবে প্রতিমন্ত্রী, নির্বাচনে পরাজিত হয়েও মন্ত্রী হওয়ার
নজির। এছাড়া মেজর হাফিজ উদ্দিন এবং আরিফ খান জয়ের পর তৃতীয় ফুটবলার-ক্রীড়াবিদ হিসেবে
মন্ত্রী হয়েছেন।
প্রতিমন্ত্রী
হিসেবে শপথ নেওয়ার পর আমিনুল বেশ কিছু পরিকল্পনা-প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুকে ক্রীড়ামোদী জনতা, যুবসমাজ ও বাংলাদেশের শুভাকাঙ্ক্ষীদের
প্রতি একটি খোলা চিঠি লিখেছেন। সেখানে তিনি সেই মহান মুক্তিযুদ্ধ এবং ’২৪-এর জুলাই
আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। আমিনুল লেখেন, ‘আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতি
দিচ্ছি-শহীদদের
চেতনা ও জাতীয় আদর্শ বুকে ধারণ করে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে আমি আমার ওপর
অর্পিত দায়িত্ব পালন করব, ইনশাআল্লাহ।’
যুব
সমাজকে দক্ষ, শৃঙ্খলাবদ্ধ, প্রযুক্তিনির্ভর ও নৈতিকতায় বলীয়ান করে গড়ে তোলা এবং বাংলাদেশের
ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করাই হবে অঙ্গীকার, এমনটাই বলেন আমিনুল, ‘তৃণমূল
থেকে প্রতিভা অন্বেষণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং খেলোয়াড়দের সার্বিক সুযোগ-সুবিধা
নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার।’
আমিনুল
আরও লেখেন, ‘আপনারা আপনাদের চিন্তা, উপদেশ ও অভিযোগ নির্দ্বিধায় আমাকে জানাবেন, কেননা
আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে
নিয়েই দেশের যুব ও ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নের পথে এগিয়ে যেতে। খেলা ও খেলোয়াড়দের
যথাযথ মূল্যায়ন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব
নয়-এ
বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।’ 
পাশাপাশি,
সংবাদমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিজেদের জাতীয়তাবাদী সরকারের অন্যতম অঙ্গীকার, এবং
এর বাস্তব প্রতিফলন অবশ্যই দেশের যুব ও ক্রীড়াঙ্গনেও প্রতীয়মান হবে বলে মনে করেন আমিনুল।
সবশেষে
আমিনুল রেখেন, ‘আমি সবার কাছে আন্তরিকভাবে দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। আপনাদের
সমর্থন, আস্থা ও অংশগ্রহণই হবে আমাদের শক্তি। একসঙ্গে কাজ করলেই আমরা একটি দক্ষ, মর্যাদাপূর্ণ
ও আন্তর্জাতিক মানের যুব ও ক্রীড়া কাঠামো গড়ে তুলতে সক্ষম হব, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের
সহায় হোন। সবার আগে বাংলাদেশ।’
আরকে/প্রবা