প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৯ পিএম
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বৃত্তি নিয়ে খেলেছেন। কিন্তু এখন মাঝপথে রণেভঙ্গ দিতে চাইছেন শুটার শায়রা আরেফিন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) উপস্থিত হয়ে তিনি এমন ইচ্ছার কথা জানান। বৃত্তি পাওয়া একজন ক্রীড়াবিদের এমন রণেভঙ্গে স্বভাবতই হতাশ বিওএ। তাই এবার ভিন্ন পথে হাঁটতে চাইছে তারা। এ বিষয়ে বিওএর মহাসচিব জোবায়েদুর রহমান রানা বলেন, ‘শায়রা আরেফিনের কর্মকাণ্ডে আমরা খুবই হতাশ। তাই ভবিষ্যতে ক্রীড়াবিদদের বৃত্তি দেওয়ার ক্ষেত্রে একটি সমঝোতা স্মারকে সই (এমওইউ) করাতে হবে। নইলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।’
আরেক
শুটার কামরুন নাহার কলিকে এক বছর নিষিদ্ধ করেছে শুটিং ফেডারেশন। যা নিয়ে হইচই পড়ে গেছে
ক্রীড়াঙ্গণন। কলির নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সুরাহা করতে শুটিং ফেডারেশনের সাধারণ
সম্পাদক আলেয়া ফেরদৌসের সঙ্গে বুধবার সভা ডেকেছিল বিওএ। কিন্তু আলেয়া ফেরদৌস না আসায়
সভা ভেস্তে গেছে। তবে কলি এসেছিলেন। ফেডারেশনের পক্ষে এসেছিলেন কোচ শারমিন আক্তার।
ফলে কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে সভা। বিওএর মহাসচিবের কথা, ‘আমার মনে হয় আলেয়া ফেরদৌস
সভা এড়িয়ে যেতে চাইছেন। আমরা পরবর্তীতে আবার বিষয়টি নিয়ে বসতে চাই। যদি তা না হয়, তাহলে
ফেডারেশনের অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদের দ্বারস্থ হতেই হবে আমাদের। এর কোন বিকল্প
নেই।’
আরকে/প্রবা