× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮৪ বছর বয়সে আইস হকি খেলা নারী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩২ এএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৬ এএম

লিন্ডা সিনরড

লিন্ডা সিনরড

সবচেয়ে বেশি বয়সী নারী আইস হকি খেলোয়াড় হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের লিন্ডা সিনরড। ভার্জিনিয়া অঙ্গরাজ্যে গত বছরের ৭ এপ্রিল দ্য ক্যাপিটালস উইমেন্স হকি লিগে ‘গ্রে’ দলের হয়ে খেলতে নামেন লিন্ডা। ম্যাচে তার দল হারলেও মাঠে নেমেই নতুন এক রেকর্ড গড়েন তিনি। সেদিন লিন্ডার বয়স ছিল ৮৪ বছর ১৯৮ দিন। আর ওটাই ছিল তার শেষ ম্যাচ।

লিন্ডা সেদিন অবশ্য নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে লিন্ডা বলেন, ‘এটা ছিল অম্লমধুর অনুভূতি। আমার কাছে এটা অনেকটা এক যুগের অবসান হওয়ার মতো। কারণ, বহুদিন ধরে হকি খেলা ছিল আমার ভালোবাসা।’

লিন্ডা অবশ্য অন্যদের চেয়ে একটু বেশি বয়সেই আইস হকি খেলা শুরু করেন। তিনি ৩৫ বছর বয়সে এ খেলা শুরু করেন। এর আগে কলেজে তিনি ‘ফিগার স্কেটার’ ছিলেন। কলেজ পাসের পর ফিগার স্কেটিং ছেড়ে দেন।

তীব্র ঠান্ডার এক দিনে তরুণী লিন্ডা নিজ বাড়ির কাছে জমে বরফ হয়ে যাওয়া একটি হ্রদে স্কেটিং করছিলেন। তখন একজন তাকে আইস হকি খেলার পরামর্শ দেন। সেই থেকে শুরু।

যদিও ১৯৭৫ সালে নারীদের জন্য এ খেলায় কোনো পেশাদার লিগ ছিল না। নারী খেলোয়াড়দের জন্য অলিম্পিক স্বীকৃতিও তখন ছিল না।

‘আইভি লিগ’ বিশ্ববিদ্যালয়ে প্রতিভাবান মেয়েরা খেলার সুযোগ পেলেও, অধিকাংশ স্কেটারের জন্য ভালো মানের কোনো দলে যোগ দেওয়ার সুযোগ ছিল না। কিন্তু লিন্ডা হকি খেলায় এতটাই আনন্দ পেতেন যে তিনি ওয়াশিংটন ডিসি অঞ্চলের প্রথম নারী আইস হকি দলের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন হয়ে ওঠেন। তিনি নিজের গড়া দলে ১০ বছর খেলেছেন।

মধ্য চল্লিশের পর লিন্ডার মনে হয়েছিল, খেলোয়াড় হিসেবে তার বয়স হয়ে গেছে। তাই তিনি প্রথমবার অবসরের ঘোষণা দেন। প্রায় দুই দশক পর একদিন তিনি গুগলে নিজের পুরনো সহখেলোয়াড়দের খুঁজতে বসেন। তারা কে কী করছেন, শুরুতে সেটা জানাই তার উদ্দেশ্য ছিল।

লিন্ডা জানতে পারেন, তার ৬৭ বছর বয়সী একজন সাবেক সহখেলোয়াড় একটি দলের কোচ হিসেবে এখনও কাজ করছেন। এটাই তাকে নতুন করে খেলায় ফেরার অনুপ্রেরণা জোগায়। ঠিকই তিনি খেলায় ফেরার সিদ্ধান্ত নেন।

যখন খেলায় ফেরেন তখন লিন্ডার দলের বাকি খেলোয়াড়দের বেশিরভাগই তার থেকে অন্তত ২০ বছরের ছোট। এ দফায় আট বছর খেলার পর তিনি আবার অবসরে যান। সেবার লিগ থেকে তাকে অবসরে যেতে বলা হয়েছিল।

ওই সময় লিন্ডার বয়স ছিল ৭৫ বছর। লিগ থেকে বলা হয়েছিল, তার পারফরম্যান্স আর প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য যথেষ্ট নয়। খেলোয়াড়সুলভ স্বভাবে লিন্ডা বিষয়টি মেনে নেন। তারপর তিনি ক্যাপিটালস লিগে যোগ দেন।

লিন্ডা বলেন, ‘আমি অন্যদের বলতে চাই, খেলা শুরু করার জন্য কখনও বয়স বেশি হয় না। আমি ৪৫ বছর বয়সে ভেবেছিলাম আর খেলতে পারব না, হকি ছেড়ে দিয়েছিলাম। কিন্তু ৬৭ বছর বয়সে আবার খেলা শুরু করি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা