× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার্সার বিপক্ষে গোল করেও প্রতিশ্রুতি ভাঙেননি মেসি!

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫১ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৫ পিএম

বার্সার বিপক্ষে গোল করেও প্রতিশ্রুতি ভাঙেননি মেসি!

এফসি বার্সেলোনার সঙ্গে আত্মার সম্পর্ক সর্বকালের সেরা ফুটবলার-আর্জেন্টাইন গ্রেট লিওনেল মেসির। ঐতিহ্যবাহী স্প্যানিশ এই ক্লাবটিতে বয়সভিত্তিক, জুনিয়র ও সিনিয়র দল মিলিয়ে খেলেছেন দীর্ঘ ২১ বছর (২০০০-২০২১)। সিনিয়র দলকে এনে দিয়েছেন সব ধরনের শিরোপা (৩৫টি)। ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলও (৬৭২) করেছেন, যা নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার বিশ্বরেকর্ড। নানা কারণে নিজের ইচ্ছের বিরুদ্ধে প্রিয় বার্সা ছাড়তে হয় মেসিকে, অশ্রুজলে বুক ভাসিয়ে। জানিয়েছিলেন যতদিন ফুটবল খেলবেন, ততদিন কখনই ভালোবাসার বার্সার বিপক্ষে খেলবেন না। এটা তার পক্ষে কোনোদিনও সম্ভব নয়।


কিন্তু রবিবার (৮ ফেব্রুয়ারি) ফুটবলপ্রেমীরা জানলো বার্সেলোনার বিপক্ষে খেলেছেন মেসি! শুধু খেলেননি, মাঠে নেমে করেছেন এক গোল এবং একটি অ্যাসিস্টও! যারা খেলাটা দেখেননি, তারা হয়তো ভ্রু কুঁচকে ভাবছেন, মেসি কিভাবে এমনটা করতে পারলেন?

যারা এমনটা ভাবছেন, তাদের কাছে আসল ব্যাপারটা খোলাসা করার সময় হয়েছে এবার। মেসি তার মার্কিন ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলেছেন (ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ), গোল-অ্যাসিস্ট করেছেন এবং তার প্রতিপক্ষ দলের নামও বার্সেলোনাই বটে। কিন্তু আসল ব্যাপার হলো-এই বার্সা সেই স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনা নয়, এটি হচ্ছে ইকুয়েডরের ক্লাব বার্সেলোনা স্পোর্টিং ক্লাব! ফলে মেসি যে তার প্রতিশ্রুতি ভঙ্গ করেননি, সেটি এখন নিশ্চয়ই পরিস্কার হয়েছে।


প্রথমে নিজে গোল করলেন, এরপর আরেকজনের গোলে সহায়তা করলেন; এমনই চেনা ছন্দে মাঠে পাওয়া গেল এলএম টেনকে। তবে প্রাক-মৌসুম ম্যাচের শেষ দিকে লাল কার্ড আর গোল হজমে জয় হাতছাড়া হয় ইন্টার মায়ামির। 

রবিবার ভোরে প্রস্তুতি ম্যাচে বার্সেলোনার সঙ্গে ২-২ গোলে ড্র করে মায়ামি। দলের হয়ে একটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তা করেন মেসি। অন্য গোলটি করেন নতুন যোগ দেওয়া গেরমান বেরতেরামে। 

এস্তাদিও মনুমেন্টালে ম্যাচের ৩১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। মাঝমাঠ থেকে একাই বল নিয়ে ওপরে উঠেন তিনি। এরপর বক্সের সামনে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপান আর্জেন্টাইন তারকা। চলতি বছরে এটি তাঁর প্রথম গোল। 

৪১ মিনিটে জোয়াও রোহাসের গোলে সমতা ফেরায় স্বাগতিক বার্সেলোনা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আবার এগিয়ে যায় মায়ামি। ডান প্রান্ত থেকে মেসির নিখুঁত ক্রসে সহজেই গোল করেন বেরতেরামে। 

দ্বিতীয়ার্ধে এক ঘণ্টা পার হওয়ার পর মেসিকে তুলে নেন কোচ জাভিয়ের মাশ্চেরানো। এরপর মাঠে আসেন লুইস সুয়ারেজ। ম্যাচ তখনও নিয়ন্ত্রণে ছিল সফরকারীদের। কিন্তু শেষ মুহূর্তে ঘটে ছন্দপতন। ৮৭ মিনিটে বদলি নামা ডেভিড আয়ালা লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় মায়ামি। সেই সুযোগে কয়েক মিনিটের মধ্যেই কাছ থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান টমাস মার্তিনেজ। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। দক্ষিণ আমেরিকায় প্রাক-মৌসুম সফরে খেলা ৩টি ম্যাচের মধ্যে মায়ামির দ্বিতীয় ড্র এটি।


২২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ মেজর লিগ সকার (এমএলএস) অভিযান শুরু করবে ইন্টার মায়ামি। তার আগে আগামী শনিবার ভোরে পুয়ের্তো রিকোতে ইন্ডিপেনদিয়েন্তে দেল ভালের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে মেসির ক্লাব। ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের ২০২৬ এমএলএস অভিযান। 
আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা