প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩০ পিএম
বিশ্ব ফুটবলের আকাশে কিছু তারকা শুধু আলো ছড়ান না, সময়কে ছাপিয়ে কিংবদন্তিতে পরিণত হন। ৫ ফেব্রুয়ারি তেমনই এক বিশেষ দিন, যেদিন জন্ম নিয়েছেন তিন দেশের তিন মহাতারকা, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র ও কার্লোস তেভেজ। দেশ, সংস্কৃতি, খেলার ধরন—সবকিছুই আলাদা, অথচ ভাগ্যের এক অদ্ভুত কাকতালীয়তায় একই দিনে জন্ম নিয়ে তারা তিনজনই বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজেদের নাম লিখিয়েছেন স্বর্ণাক্ষরে। এদের মধ্যে তেভেজ ফুটবল ছেড়েছেন, কিন্তু বাকি দুজন এখনও খেলছেন।
পর্তুগালের মাদেইরা দ্বীপ থেকে উঠে
আসা ক্রিস্টিয়ানো রোনালদো ৫ ফেব্রুয়ারি পা রাখলেন ৪১ বছরে। দরিদ্র পরিবার থেকে উঠে
এসে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে নিজের অবস্থান তৈরি করা তার জীবনের গল্প এক অনন্য
অনুপ্রেরণা। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও আত্মনিবেদনের প্রতীক হয়ে উঠেছেন তিনি। ম্যানচেস্টার
ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস হয়ে আল নাসর-যেখানেই গেছেন,
সেখানেই তিনি কেবল একজন খেলোয়াড় নন, একটি প্রতিষ্ঠান হয়ে উঠেছেন। গোল করার ক্ষুধা,
নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়ার মানসিকতা আর শারীরিক সক্ষমতার অসাধারণ নিয়ন্ত্রণ তাকে
করেছে সময়ের ঊর্ধ্বে এক জীবন্ত কিংবদন্তি।
অন্যদিকে ব্রাজিলের সান্তোস শহর থেকে
উঠে আসা নেইমার জুনিয়র পা রাখলেন ৩৪ বছরে। নেইমার মানেই ফুটবলের শিল্পীসত্তা,
ড্রিবলিংয়ে
জাদু, পায়ে বল থাকলে স্টেডিয়ামজুড়ে এক ধরনের শিহরণ। বার্সেলোনায় মেসি-সুয়ারেজের সঙ্গে
গড়ে তোলা ঐতিহাসিক ত্রয়ী, পিএসজিতে তারকা হয়ে ওঠা, সব মিলিয়ে
নেইমার নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আধুনিক ফুটবলের সবচেয়ে সৃজনশীল ও নান্দনিক প্রতিভাদের
একজন হিসেবে। তার খেলায় রয়েছে ব্রাজিলীয় ফুটবলের ঐতিহ্য-সাম্বার ছন্দ,
আনন্দ আর সৌন্দর্যের মিশেল।
বিশ্ব ফুটবলের ইতিহাসে কার্লোস তেভেজ
এক অনন্য নাম-সংগ্রাম, সাহস আর অদম্য মানসিকতার প্রতীক। আর্জেন্টিনার
বুয়েন্স আইরেসের বস্তি অঞ্চল থেকে উঠে এসে তিনি নিজেকে গড়ে তুলেছেন আন্তর্জাতিক ফুটবলের
শক্তিমান এক যোদ্ধা হিসেবে। বোকা জুনিয়র্স, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি,
জুভেন্টাস-যেখানেই খেলেছেন, লড়াকু মানসিকতা ও অদম্য আগ্রাসনে
জয় করেছেন দর্শকদের হৃদয়। গোল করার ক্ষমতার পাশাপাশি তার নেতৃত্বগুণ ও আত্মত্যাগী মানসিকতা
তাকে করেছে স্মরণীয় এক কিংবদন্তি ফুটবলার।
তবে তেভেজ ততটা খ্যাতিমান হতে পারেননি,
যতটা খ্যাতি পেয়েছেন রোনালদো-নেইমার। রোনালদো ও নেইমার-দুজনই সফল,
কিন্তু সাফল্যের পথ আলাদা। একজন শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের প্রতিচ্ছবি, অন্যজন প্রতিভা
ও সৃজনশীলতার রূপক। একজন গোলমেশিন, অন্যজন শিল্পী। তবুও দুজনের মাঝে মিল এক জায়গায়-বিশ্ব ফুটবলে
তাদের প্রভাব। কোটি কোটি তরুণের অনুপ্রেরণা তারা, স্বপ্ন দেখার সাহস জোগানো দুই প্রতীকী
নাম।
একই দিনে জন্ম নিয়ে, ভিন্ন পথে হাঁটলেও, রোনালদো, তেভেজ ও নেইমার বিশ্ব ফুটবলের ইতিহাসে তিনটি আলাদা অধ্যায়। একজন শক্তির প্রতীক, অন্যজন সৌন্দর্যের প্রতিমূর্তি, আরেকজন লড়াকু। ফুটবল যে শুধু খেলা নয়, এক ধরনের ভাষা—এই তিন মহাতারকা সেটিই প্রমাণ করেছেন প্রজন্মের পর প্রজন্ম।