প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৬ পিএম
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশ ও অ্যাক্রিডিটেশন সংক্রান্ত নীতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক সিদ্ধান্তকে ঘিরে তীব্র আপত্তি জানিয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। সংগঠনটির অভিযোগ, নিরাপত্তা জোরদারের অজুহাতে নেওয়া এসব বিধিনিষেধ সাংবাদিকদের স্বাভাবিক পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে এবং গণমাধ্যমকে কার্যত মাঠের বাইরে ঠেলে দিচ্ছে।
গত
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকদের
নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আমন্ত্রণে
আয়োজিত অনুষ্ঠান কিংবা অনুমোদিত অনুশীলন সেশন ছাড়া অন্য কোনো সময়ে প্রবেশের সুযোগ থাকবে
না। বিসিবির দাবি, স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এই
সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।
এই
ঘোষণার পরদিনই বিসিবি সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায় বিএসপিএ। সংগঠনটি
জানায়, তারা নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতার পক্ষে থাকলেও সাংবাদিকদের প্রবেশ সীমিত
করা হলে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনে নেতিবাচক প্রভাব পড়বে। বিবৃতিতে
বলা হয়, ক্রীড়া সাংবাদিকরা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে দায়িত্ব পালন
করে আসছেন এবং দেশের ক্রিকেটের প্রচার ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সে
কারণে সাংবাদিক সংগঠনের সঙ্গে আলোচনা ছাড়াই এমন নীতি গ্রহণকে তারা হতাশাজনক বলে মনে
করছে।
‘অদম্য
বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ শুরুর ঠিক আগে নতুন এক্রিডিটেশন নীতির ঘোষণায় বিএসপিএর অসন্তোষ
আরও বেড়ে যায়। টুর্নামেন্ট শুরুর কয়েক ঘণ্টা আগে জানানো হয়, তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধিত
প্রতিষ্ঠান ছাড়া কাউকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে না। বিএসপিএ জানায়, গভীর রাতে
বিসিবির মিডিয়া কমিটি তাদের সঙ্গে যোগাযোগ করে এই সিদ্ধান্তে সমর্থন চাইলেও সংগঠনটি
তাৎক্ষণিকভাবে আপত্তি জানায়।
সংগঠনটির
বক্তব্য, পূর্ব ঘোষণা ও পরামর্শ ছাড়াই অ্যাক্রিডিটেশন নীতিতে পরিবর্তন আনা পেশাদার
সাংবাদিকতার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করে এবং দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি করে।
তবে দীর্ঘমেয়াদে একটি সুসংগঠিত, স্থায়ী ও স্বচ্ছ অ্যাক্রিডিটেশন কাঠামো গঠনের পক্ষে
মত দিয়েছে বিএসপিএ, যাতে পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকরা দায়িত্ব পালন করতে পারেন।
বিএসপিএ
আরও জানায়, সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে তারা বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে আসছে
এবং এখনো সংলাপের মাধ্যমেই সমাধান সম্ভব বলে বিশ্বাস করে। তাদের মতে, দেশের ক্রিকেটের
উন্নয়ন এবং গণমাধ্যমের স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া
অত্যন্ত জরুরি।
এই
পরিস্থিতিতে বিসিবির সিদ্ধান্তকে ঘিরে সাংবাদিক মহলে আলোচনা ও অসন্তোষ ক্রমেই বাড়ছে।
এখন দেখার বিষয়, দুই পক্ষ আলোচনার টেবিলে বসে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কোনো গ্রহণযোগ্য
ও সমন্বিত সমাধানে পৌঁছাতে পারে কি না।
আরকে/প্রবা