প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৫ পিএম
নারায়ণগঞ্জে সোমবার টুরাগ অ্যাকটিভের নতুন স্টোর উদ্বোধন করেন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস গড়া সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ–২০২৬ এর বিজয়ী বাংলাদেশ নারী ফুটসাল দলকে সংবর্ধনা দিয়েছে দেশীয় পোশাক ব্র্যান্ড টুরাগ অ্যাকটিভ।
নারায়ণগঞ্জে সোমবার টুরাগ অ্যাকটিভের নতুন স্টোর উদ্বোধন করেন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা।
দেশের নারী ক্রীড়াবিদদের অর্জনকে সম্মান ও স্বীকৃতি জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ, টুরাগ অ্যাকটিভের প্রতিষ্ঠাতা ও পরিচালক ফাইয়াজ রহমান, উর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দিন, টুরাগ অ্যাকটিভের সিওও আহম্মাদ মনসুর রউফসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশিষ্ট অতিথি ও গণমাধ্যম প্রতিনিধিরা।
অনুষ্ঠানে সাফ নারী ফুটসাল দলের খেলোয়াড়দের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দেশের জন্য গৌরব বয়ে আনা এই বিজয়ী দলকে টুরাগ অ্যাকটিভের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
সংবর্ধনার অংশ হিসেবে নারী ফুটসাল দলটি নারায়ণগঞ্জে অবস্থিত উর্মি গ্রুপ লিমিটেডের প্রতিষ্ঠান ইউএইচএম (UHM) লিমিটেডের কারখানা পরিদর্শন করেন। এ সময় তারা উর্মি পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে চ্যাম্পিয়ন দলের সম্মানে এক বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
দেশের জন্য গৌরব বয়ে আনা এই সাফল্যের স্বীকৃতি হিসেবে টুরাগ অ্যাকটিভ বাংলাদেশ নারী ফুটসাল দলকে আর্থিক সম্মাননা ও বিশেষ উপহার প্রদান করে। আয়োজকদের মতে, এটি শুধু আনুষ্ঠানিক সম্মান নয়; বরং নারী ক্রীড়াবিদদের প্রতি আস্থা ও সমর্থনের প্রতীক।
অনুষ্ঠানে উর্মি গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ বলেন, “সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নরা প্রমাণ করেছেন—সঠিক সুযোগ ও সমর্থন পেলে বাংলাদেশের নারীরাও আন্তর্জাতিক অঙ্গনে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। তাদের এই জয় আমাদের জন্য অনুপ্রেরণা”।
তিনি আরও বলেন, “নারী ক্রীড়াবিদদের ক্ষমতায়ন ও দীর্ঘমেয়াদি সহযোগিতা টুরাগ অ্যাকটিভের অন্যতম অগ্রাধিকার। ভবিষ্যতেও দেশের নারী খেলোয়াড়দের পাশে থেকে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে”।
নারী ফুটসাল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি বলেন, “টুরাগ অ্যাকটিভের এই উদ্যোগ শিল্পখাত ও ক্রীড়াঙ্গনের একটি কার্যকর সমন্বয়ের উদাহরণ। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বেশি নারী ক্রীড়াবিদকে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে”।
টুরাগ অ্যাকটিভ (Turaag Active) একটি আধুনিক ও উদীয়মান দেশীয় অ্যাকটিভওয়্যার ব্র্যান্ড। মানসম্মত ক্রীড়া ও লাইফস্টাইল পোশাক উৎপাদন ও বিপণনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশীয় বাজারে দ্রুত পরিচিতি অর্জন করেছে। স্থানীয় উৎপাদন সক্ষমতা ও আন্তর্জাতিক মানের নকশার সমন্বয়ে ব্র্যান্ডটি তরুণ প্রজন্ম ও ক্রীড়াপ্রেমীদের জন্য আরামদায়ক, টেকসই ও আধুনিক পোশাক সরবরাহের পাশাপাশি নারী ক্রীড়া উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতায় সক্রিয় ভূমিকা রেখে চলেছে।