প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ২২:২৫ পিএম
বাংলাদেশ
দাবা ফেডারেশনের আয়োজনে মহিলা দাবা লিগের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ আনসার ও
ভিডিপি পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছে। ১০ পয়েন্ট নিয়ে
বাংলাদেশ নৌবাহিনী দ্বিতীয় স্থানে রয়েছে। ৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশ তিনে।
আজ বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের
খেলায় আনসার ২-২ গেম পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীর সাথে ড্র করে। আনসারের ক্যান্ডিডেট
মাস্টার নুশরাত জাহান আলো নৌবাহিনীর ফিদেমাস্টার নোশিন আঞ্জুমকে এবং নৌবাহিনীর ক্যান্ডিডেট
মাস্টার কাজী জারিন তাসনিম আনসারের ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌসকে হারান। আনসারের
আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন যথাক্রমে
নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ও ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবুর সাথে ড্র
করেন।
বাংলাদেশ পুলিশ দাবা ক্লাব ৩-১ গেম পয়েন্টে পন পাওয়ার চেস ক্লাবকে হারায়। পুলিশের ফিদেমাস্টার
তনিমা পারভীন ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা যথাক্রমে পন পাওয়ার চেস
ক্লাবের জিন্নাত আক্তার শাহনাজ ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দারকে পরাজিত
করেন। পন পাওয়ার চেস ক্লাবের জান্নাতুল প্রীতি ও মেহজাবীন ইসলাম যথাক্রমে বাংলাদেশ
পুলিশ চেস ক্লাবের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা ও তাবাসসুম সাদিয়া শাহজাহানের
সাথে ড্র করেন। 
মানহা’স ক্যাসেল ৪-০ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে হারায়। মানহা’স ক্যাসেলের
খন্দকার অনিকা মাওলা, কিশোয়ারা সাজরীন ইভানা ও নুশরাত জাহান লিজা যথাক্রমে উত্তরা সেন্ট্রালের
তৃণা দেবনাথ, মুবাসসিরা তাসনিম তনিমা ও কৌমুদী নার্গিসকে হারান। মানহা’স ক্যাসেলের
আফরিন জাহান মুনিয়া উত্তরা সেন্ট্রালের শামীমা আক্তার মুক্তার বিরুদ্ধে ওয়াক-ওভার পান।

সাউথ পয়েন্ট স্পোর্টস দাবা ক্লাব ৩-১ গেম পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় মহিলা দাবা ক্লাবকে
হারায়। সাউথ পয়েন্টের তাসনিয়া তারান্নুম অর্পা, রেয়েহা আফশিন ও জোয়েনা মেহবিশ যথাক্রমে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্নিজ খাদিজা ফারুকী, রাউসা ইয়াসমিন ও ফারহানা আক্তার রেশমাকে
হারান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিঝুম বান্দ সাউথ পয়েন্টের সিদরাতুল মুনতাহাকে হারান।
আরকে/প্রবা