প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ ১৯:৪২ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬ ২০:১৯ পিএম
বাংলাদেশ জাতীয় ফুটসাল দল
সাফ
ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে। থাইল্যান্ডের
ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পাকিস্তানের বিপক্ষে ৫–১
গোলে হেরে টুর্নামেন্ট জয়ের আশা ধূলিসাৎ হয় লাল-সবুজদের। পাঁচ ম্যাচ শেষে সাঈদ খোদারাহমির
শিষ্যদের সংগ্রহ ৭ পয়েন্ট। রাউন্ড রবিন লিগে বাংলাদেশের আর একটি ম্যাচ বাকি রয়েছে-শনিবার
নেপালের বিপক্ষে।
ম্যাচের
১৫তম মিনিটে লাল কার্ড দেখে চার জনের দলে পরিণত হয় পাকিস্তান। কিন্তু সেই বাড়তি সুবিধা
কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। উল্টো মিনিট দুয়েকের মধ্যেই আরেকটি গোল হজম করে তারা।
এরপর ব্যবধান আরও বাড়িয়ে নেয় পাকিস্তান। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় একটি গোল
শোধ করলেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
শিরোপা
দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ। চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে
তারা। পাঁচ ম্যাচে পাকিস্তান ১০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। রাউন্ড রবিন লিগে
সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন।
এর
আগে ভারতের সঙ্গে ৪–৪ ড্র করে আসর শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে
মালদ্বীপের কাছে ৬–১ গোলে হারলেও পরের দুই ম্যাচে ভুটানকে ৪–১
এবং শ্রীলঙ্কাকে ৫–১ ব্যবধানে হারিয়ে ঘুরে দাঁড়ায় দলটি। শ্রীলঙ্কার
বিপক্ষে জয়ের পর টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আত্মবিশ্বাসী বাংলাদেশ শুরু থেকেই পাকিস্তানের
বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করে।
তৃতীয়
মিনিটে রাহবার ওয়াহেদ খান ব্যক্তিগত নৈপুণ্যে একজনকে কাটিয়ে শট নিলেও বল চলে যায় ক্রসবারের
অনেক ওপর দিয়ে। এরপর ফয়সাল হোসেনের শট পোস্টের বাইরে দিয়ে যায়। চতুর্থ মিনিটে কর্নার
থেকে পাকিস্তানের হামজা নুসরাতের ব্যাকহিল ফ্লিক লক্ষ্যভ্রষ্ট হয়। কিছুক্ষণ পর গোলকিপারকে
একা পেয়েও দুর্বল শটে সুযোগ নষ্ট করেন রাহবার। পরে জাফর খানের দূরপাল্লার শট দারুণভাবে
ঠেকান গোলকিপার জাহিদ হাসান রাব্বী।
প্রথমার্ধের
শেষের দিকে, ৫ মিনিট বাকি থাকতে আকিব ফায়সাল লাল কার্ড দেখলে চার জনে নেমে যায় পাকিস্তান।
তবে ১৭তম মিনিটেই তারা এগিয়ে যায়। কর্নার থেকে হামজার পাস পেয়ে সার্কেলের দিকে ছুটে
যাওয়া আলি আঘা ফিরতি বল নিখুঁত শটে জালে পাঠান।
দ্বিতীয়ার্ধের
দশম মিনিটে বাংলাদেশের দুর্ভাগ্য আরও বাড়ে। নিজেদের সার্কেলের ভেতরে কাজী ইব্রাহিম
আহমেদের ভুলে বল পেয়ে যান জাইদ উল্লাহ খান, যিনি সহজেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
ম্যাচের
পাঁচ মিনিট বাকি থাকতে তাজওয়ার বিন কাশেমের ছোট পাসে গোল করে ব্যবধান কমান ফায়েদ আজম।
তবে শেষ দিকে পাকিস্তান আরও তিনটি গোল করে। সালার আহমেদ খান, জাইদ উল্লাহ খান ও আলি
আঘার গোলে ৫–১ ব্যবধানে জয় নিশ্চিত করে পাকিস্তান, আর শিরোপার
দৌড় থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।
আরকে/প্রবা