নারী বিশ্বকাপ বাছাই
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ১৯:৫২ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬ ২০:৫০ পিএম
১৪ বলে ৩৭ রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচসেরা স্বর্ণা আক্তার। ছবি:সংগ্রহীত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যুক্তরাষ্ট্রকে হারিয়ে আসর শুরু করার পর এবার পাপুয়া নিউ গিনিকে ৩০ রানে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এই জয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনা আরও জোরালো হলো লাল-সবুজের প্রতিনিধিদের।
এদিকে বাছাইপর্বে দারুণ
পারফরম্যান্সের সুফল মিলেছে আইসিসির সর্বশেষ র্যাংকিং হালনাগাদে। আজ মঙ্গলবার প্রকাশিত
সাপ্তাহিক র্যাংকিংয়ে বড় উন্নতি করেছেন শারমিন আক্তার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগ্রাসী
ফিফটির সুবাদে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় ১৩ ধাপ এগিয়ে ৫৭তম স্থানে উঠে এসেছেন
তিনি। বাংলাদেশের অন্য কোনো ব্যাটার এ সপ্তাহে উন্নতি করতে না পারলেও শারমিনের ওপরে
আছেন কেবল অধিনায়ক নিগার সুলতানা, যিনি এক ধাপ পিছিয়ে রয়েছেন ১৮ নম্বরে।
গতকাল কীর্তিপুরে টস
হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান তোলে দলটি।
শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে দারুণ সূচনা করেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা
আক্তার। পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫১ রান। জুয়াইরিয়া
১৭ রান করে ফিরে গেলেও দ্বিতীয় উইকেটের পতনের আগে দিলারা খেলেন ২৯ বলে ৩৫ রানের কার্যকর
ইনিংস।
অধিনায়ক নিগার সুলতানা
ও শারমিন আক্তার বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। নিগার করেন ৬ রান, শারমিন করেন ২৮।
এরপর দলের দায়িত্ব কাঁধে তুলে নেন সুবহানা মুস্তারি ও স্বর্ণা আক্তার। ষষ্ঠ উইকেট জুটিতে
আসে ম্যাচের সর্বোচ্চ ৬২ রান। মুস্তারি ৩৪ রান করেন, আর স্বর্ণা মাত্র ১৪ বলে ১টি চার
ও ৪টি ছক্কায় ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। নারী আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে
চার ছক্কা হাঁকানো প্রথম বাংলাদেশি ব্যাটার তিনি। পাপুয়া নিউ গিনির হয়ে মাইরি টম, হিনাও
থমাস ও দিকা লোহিয়া একটি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে
পাপুয়া নিউ গিনি শুরুটা ভালোই করেছিল। প্রথম তিন ওভারে বিনা উইকেটে ৩২ রান তুলে নেয়
তারা। তবে এরপর নিয়ন্ত্রিত ও পরিকল্পিত বোলিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নির্ধারিত ২০
ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রানে থামে প্রতিপক্ষ। ওপেনার ব্রেন্ডা টাউ সর্বোচ্চ ৩৫ রান
করলেও অন্যরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।
এই জয়ের ফলে টানা দুই
ম্যাচ জিতে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। নিজেদের
তৃতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে এবং শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানার
দল। এই দুই ম্যাচের যেকোনো একটি জিতলেই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি
বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকেট নিশ্চিত করবে বাংলাদেশ।