প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ ১৯:৪০ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬ ১৯:৫১ পিএম
২০২৬ সালের ফিফা বিশ্বকাপের টিকেট বাফুফের হাতে
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সামনে রেখে বাংলাদেশের সাধারণ দর্শকদের জন্য টিকেট আবেদনের সুযোগ খুলে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রবিবার (১৮ জানুয়ারি) থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত। আবেদন করতে হলে প্রত্যেক আবেদনকারীকে ৫০০ টাকা জমা দিতে হবে।
বিশ্বকাপের
চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দেশ এবং যারা খেলবে না-এই দুই শ্রেণির দেশের
জন্য টিকেট বরাদ্দের নিয়ম আলাদা। অংশগ্রহণ না করলেও ফিফার সদস্য হওয়ায় বাংলাদেশ একটি
নির্দিষ্ট সংখ্যক টিকেট পেয়ে থাকে। সর্বোচ্চ হিসেবে বাংলাদেশ পেতে পারে ৩৩০টি টিকেট।
সেই টিকিট কারা পাবেন, তা নির্ধারণের জন্যই বাফুফে এই আবেদন আহ্বান করেছে।

২০২৬
বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিনটি দেশ-যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। তবে ম্যাচের বড়
অংশই আয়োজন করা হবে যুক্তরাষ্ট্রে। এই আসরেই প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন
করতে যাচ্ছে ফিফা। এরই মধ্যে বিশ্বজুড়ে দর্শকদের কাছ থেকে টিকেটের জন্য ব্যাপক সাড়া
মিলেছে। ফিফার তথ্যমতে, ১১ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত র্যান্ডম আবেদন প্রক্রিয়ায়
জমা পড়েছে প্রায় ৫০ কোটি আবেদন, যার মধ্যে বাংলাদেশের দর্শকরাও ছিলেন। ইউরোপ থেকেই
এসেছে সবচেয়ে বেশি আবেদন- ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইংল্যান্ড, কলম্বিয়াসহ বহু
দেশের দর্শক টিকেটের জন্য আবেদন করেছেন।
আগের
দুই বিশ্বকাপ রাশিয়া ২০১৮ ও কাতার ২০২২-এ
টিকেটধারী দর্শকদের জন্য ছিল ‘ফ্যান আইডি’ সুবিধা। এই ফ্যান আইডিই কার্যত ভিসার বিকল্প
হিসেবে কাজ করত, ফলে আলাদা করে দূতাবাসে গিয়ে ভিসা আবেদন করতে হতো না। তবে ২০২৬ বিশ্বকাপে
সেই ব্যবস্থা আর থাকছে না।
ভিসা
ইস্যু নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে। ফিফার পক্ষ থেকে বিষয়টি আগেই জানানো হলেও সম্প্রতি
ট্রাম্প প্রশাসন স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকেটধারীরা ভিসা
সাক্ষাৎকারের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকার
পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে-অনেকক্ষেত্রে ১০ মাস থেকে এক বছর পর্যন্ত অপেক্ষা
করতে হচ্ছে। এই পরিস্থিতিতে কেবল টিকেটধারীরাই দ্রুত সাক্ষাৎকারের সুযোগ পাবেন।
বাংলাদেশ
থেকে যারা বাফুফের মাধ্যমে বিশ্বকাপের টিকেট কিনতে আগ্রহী, তাদের নির্ধারিত নিয়ম মেনে
আবেদন করতে হবে।
আরকে/প্রবা