প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬ ২০:১৭ পিএম
২০২৩ সালে শমিত সোম যোগ দিয়েছিলেন কানাডার ক্লাব ক্যাভালরি এফসিতে। অবশেষে ক্লাবটির সঙ্গে তার তিন বছরের পথচলা শেষ হলো। ২৮ বছর বয়সী বাংলাদেশের এই মিডফিল্ডারকে ছেড়ে দিয়েছে তার ক্লাব।
ক্যাভালরি তাদের ওয়েবসাইটে এক অফিশিয়াল
বিজ্ঞপ্তিতে দিয়োগো গুতিয়েরেজ ও শমিতকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। দিয়েগো-শমিত দুজনকেই
তাদের অবদানের জন্য ক্লাব শুভকামনা জানায়।
ক্যাভালরিতে শমিত যোগ দিয়েছিলেন ২০২৩
সালে। সব ধরনের প্রতিযোগিতা মিলে ৭৯ ম্যাচ খেলেছেন। ৭৯ ম্যাচে কোনো গোল করতে না পারলেও
চার গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২৩ সালে জিতেছেন সিপিএল শিল্ড। ক্যাভালরির ২০২৪ নর্থ
স্টার কাপ চ্যাম্পিয়ন দলে গুতিয়েরেজের সঙ্গী ছিলেন শমিতও।
সিপিএলের সপ্তাহের সেরা ফুটবলার, সপ্তাহের সেরা একাদশে অনেকবার শমিতের নাম উঠেছে। কানাডার বয়সভিত্তিক দল থেকেই নজর কেড়েছেন তিনি। গত বছরের জুনে সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয় শমিতের। এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে ৫ ম্যাচে করেছেন ১ গোল। একমাত্র গোলটি করেছেন ঢাকার জাতীয় স্টেডিয়ামে গত বছরের ১৩ নভেম্বর হংকংয়ের বিপক্ষে।
আরকে/প্রবা