বিবিসি বাংলা
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ২২:৩৬ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬ ২২:৪১ পিএম
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: গেটি ইমেজ
ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছেন ক্রিকেটাররা।
বৃহস্পতিবার দুপুর একটায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ শুরুর আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট খেলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।
বুধবার রাতে জুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে এই আল্টিমেটাম ঘোষণা করেন কোয়াব-এর সভাপতি মোহাম্মদ মিঠুন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললে ক্রিকেটারদের ক্ষতি বিষয়ক এক প্রশ্নের জবাবে বুধবার বিকেলে বিসিবি'র পরিচালক ও অর্থ কমিটির প্রধান নাজমুল ইসলাম বলেন, "ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি"।
এমন মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটাররা তার পদত্যাগ দাবি করে কর্মসূচি ঘোষণা করলেন।