× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে কারণে স্থগিত ক্রীড়াঙ্গনের নির্বাচন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ ১৯:৩৮ পিএম

যে কারণে স্থগিত ক্রীড়াঙ্গনের নির্বাচন

৫ আগস্টের পর ফুটবল ও ক্রিকেট ছাড়া দেশের প্রায় সব ক্রীড়া ফেডারেশনেই চলছে অ্যাডহক কমিটির শাসন। প্রায় এক মাস আগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে চিঠি পাঠিয়েছিল। এরই মধ্যে গলফ ফেডারেশনের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়াও প্রাথমিক পর্যায়ে এগোচ্ছিল।

তবে মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশন একটি নির্দেশনা জারি করে। সেখানে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটের আগে কোনো পেশাজীবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন, বণিক সমিতিসহ সব ধরনের সংগঠনের নির্বাচন আয়োজন করা যাবে না। এই আদেশের ফলে গলফ ফেডারেশনের নির্বাচন কার্যক্রমও স্থগিত হয়ে যাচ্ছে, যেখানে ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল।

নির্বাচন কমিশনের এই নির্দেশনার বিষয়টি নিশ্চিত করে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান বলেন, ‘নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী গলফ ফেডারেশনের নির্বাচন আপাতত স্থগিত রাখা হয়েছে। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো ফেডারেশন বা অ্যাসোসিয়েশনের নির্বাচন কার্যক্রমও শুরু হবে না।’

নির্বাচন কমিশনের আদেশের পরিপ্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়াঙ্গনের সব ধরনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। যদিও এখনো গলফ ফেডারেশনসহ সংশ্লিষ্ট সব ফেডারেশনের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো চিঠি পাঠানো হয়নি। তবে নির্বাচন কমিশনের নির্দেশনা স্বয়ংক্রিয়ভাবেই ক্রীড়া অঙ্গনের জন্য প্রযোজ্য বলে মনে করেন আমিনুল এহসান। তার মতে, জাতীয় নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ ১১টি ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসে। সেপাক তাকরো, রাগবি, বেসবলসহ কয়েকটি ফেডারেশন ও অ্যাসোসিয়েশন তাদের অফিস কক্ষসংক্রান্ত সমস্যার সমাধান দাবি করে। বৈঠকে জাতীয় ক্রীড়া পরিষদের নবনিযুক্ত নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান এই সংকট সমাধানের আশ্বাস দেন।

এনএসসি সূত্র জানায়, মওলানা ভাসানী স্টেডিয়াম, এনএসসির পুরনো ভবন এবং জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে অব্যবহৃত ও অতিরিক্ত কক্ষগুলো চিহ্নিত করা হবে। এরপর সেগুলো সংশ্লিষ্ট ১১টি ফেডারেশনের মধ্যে বণ্টনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা