চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ ১৯:২৪ পিএম
ওমানের রাজধানী মাস্কাটে সোমবার কিষোয়ান স্পোর্টিং ক্লাব বিডির নতুন জার্সি উন্মোচন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নতুন জার্সি উন্মোচনের মধ্য দিয়ে ওমানের রাজধানী মাস্কাটে কিষোয়ান স্পোর্টিং ক্লাব বিডির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
মাস্কাটের আল খোইর এলাকার ‘মাথারা ফুড প্যালেস’ সোমবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির যাত্রা শুরু হয়।
আয়োজকরা জানান, বাংলাদেশে দীর্ঘ সময় ধরে ক্রীড়াঙ্গনে সফলতার পরিচয় দিয়ে আসা কিষোয়ান স্পোর্টিং ক্লাব বিডি এবার প্রবাসে তাদের কার্যক্রম সম্প্রসারণ করল। এ উদ্যোগ প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের জন্য একটি সুসংগঠিত ও মানসম্মত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
কিষোয়ান স্পোর্টিং ক্লাব বিডির ওমান শাখার অধিনায়ক আরিফ খানের সভাপতিত্বে এবং মোহাম্মদ তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হামিরিয়া একাদশের ম্যানেজার জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফারবী মনি, ওমর ফারুকসহ প্রবাসী ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবন ও জীবিকার তাগিদে প্রবাসে এসে অনেক প্রতিভাবান খেলোয়াড় নিয়মিত খেলাধুলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। সঠিক পৃষ্ঠপোষকতা ও ক্লাব ব্যবস্থাপনার অভাবে তারা প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছেন না। এই শূন্যতা পূরণে এবং প্রবাসে দেশের সুনাম উজ্জ্বল করার লক্ষ্যে কাজ করবে কিষোয়ান স্পোর্টিং ক্লাব বিডি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নতুন জার্সি উন্মোচন ও কেক কাটার মাধ্যমে ওমানে ক্লাবটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। ভবিষ্যতে সবার সহযোগিতায় প্রবাসী ক্রীড়াঙ্গনে ক্লাবটির কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।