মোস্তাফিজের নজর মাঠে, মন জয়ের দিকে
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ২২:৪৩ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬ ২২:৪৩ পিএম
মোস্তাফিজুর রহমান
ভারতীয় উগ্রবাদীদের হুমকিতে মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা হচ্ছে না। কিন্তু বিশ্ব ক্রিকেটে মোস্তাফিজের যে চাহিদা, তার সে সময়ে বসে থাকার কথাও না! তাকে ঠিকই লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তানের এই লিগে নাম লিখিয়েছেন কাটার মাস্টার। পিএসএলের অফিশিয়াল পেজ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানানো হয়েছে। সেখানে মোস্তাফিজের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে … এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।’
আইপিএলের মতো পাকিস্তানের টি-টোয়েন্টি
ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল শুরু হবে ২৬ মার্চ। আগামী ৩ মে শেষ হবে এই আসর। মোস্তাফিজ
এর আগে পিএসএল খেলেছেন একবার, (২০১৮)। লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৪ উইকেট
নিয়েছিলেন মোস্তাফিজ।
সাম্প্রতিক সময়ে মাঠের ক্রিকেটে দুর্দান্ত সময় পার করলেও মাঠের বাইরে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমানের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার চুক্তি বাতিলের পর সেটা দুই দেশের ক্রিকেট বোর্ড ছাপিয়ে সরকার পর্যন্ত গড়িয়েছে। তবে মাঠের বাইরের এসব ঘটনা খুব একটা আমলে নিচ্ছেন না ফিজ। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন মোস্তাফিজ। দলটির পরবর্তী ম্যাচ ৯ জানুয়ারি। তার আগে বেশ কয়েক দিনের বিরতি পেয়েছেন দলটির ক্রিকেটাররা। এই সময়টায় ফুরফুরে মেজাজে আছেন মোস্তাফিজও। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে সেটার ক্যাপশনে মোস্তাফিজ লিখেছেন, ‘নজর মাঠে, মন জয়ের দিকে।’
আইপিএলের আসন্ন আসরে কলকাতা নাইট
রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মোস্তাফিজের। তবে আসর শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ
দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। নিরাপত্তা শঙ্কায় মোস্তাফিজকে বাদ দেওয়ার পর দেশটিতে
বিশ্বকাপ খেলতে যেতে চায় না বিসিবি। এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ক্রিকেটারদের
নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয় এবং দল না পাঠানোর পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশে
আইপিএলের সব ধরনের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশ ক্রিকেট
বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে আইসিসির কাছে।
জানা গেছে, আইসিসিও নতুন সূচি তৈরিতে
লেগে পড়েছে। আইপিএল থেকে মোস্তাফিজকে নিষিদ্ধ করা হলেও পাকিস্তান সুপার লিগের (পিএসএল)
দরজা তার জন্য খোলা। এর আগে থেকেই গুঞ্জন ছিল পিএসএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি মোস্তাফিজকে
নিয়ে আগ্রহী। এবার সেটাই সত্যি হতে চলেছে।
এর আগে লন্ডনভিত্তিক পাকিস্তানি
স্ট্যান্ডআপ কমেডিয়ান ও সঞ্চালক সালমান মালিক মোস্তাফিজ ইস্যুতে একটি পোস্ট করেন। তিনি
লেখেন, ‘যদি একজন বাংলাদেশিকে নিষিদ্ধ করে তারা (ভারত) খুশি হয়, হতে দিন। আমরা পাকিস্তানিরা
আমাদের বাংলাদেশি ভাইকে পিএসএলে স্বাগত জানাতে পারলে খুশি হব।’
এর আগে গত ১৬ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএল নিলামে আগ্রহের শীর্ষে ছিলেন মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপারকিংস ও কলকাতা নাইট রাইডাসের মধ্যে লড়াই শেষে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা। যা আইপিএলে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক।