× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘরের মাঠে গোলের নায়করা পরদেশী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ০২:১৪ এএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ০২:১৬ এএম

ঘরের মাঠে গোলের নায়করা পরদেশী

ঘরোয়া ফুটবল লিগে বিদেশি ফুটবলারদের দাপট দেশের দর্শকদের কাছে নতুন কিছু নয়। সময় বদলালেও চিত্রটা প্রায় একই রয়ে গেছে। চলতি বাংলাদেশ ফুটবল লিগেও (বিএফএল) তার ব্যতিক্রম হয়নি। শনিবার (৩ জানুয়ারি) প্রথম পর্বের খেলা শেষ হওয়ার পর নবম রাউন্ড শেষে সর্বোচ্চ গোলদাতার তালিকায় চোখ রাখলেই সেই পরিচিত বাস্তবতা সামনে আসেশীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন তিনজনই বিদেশি ফরোয়ার্ড।

গোলের দৌড়ে সবচেয়ে এগিয়ে কিংসের ব্রাজিল ফরোয়ার্ড  ডরিয়েলটন গোমেজ নাসিমেন্তো। চলমান লিগে তাঁর পায়ের জাদুতে এখন পর্যন্ত জালে গেছে ১০টি গোল। সর্বশেষ ম্যাচে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের বিপক্ষে জোড়া গোল করে তিনি ছাড়িয়ে গেছেন আবাহনীর মালি ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতেকে। দিয়াবাতে এই মৌসুমে করেছেন ৮ গোল। আগের কয়েক মৌসুমে মোহামেডানের জার্সিতে খেলা এই স্ট্রাইকার বরাবরের মতো এবারও গোলের তালিকায় সামনে রয়েছেন।

শীর্ষ তিনের বাকি জায়গাটিও দখলে বিদেশিরই। ফর্টিস এফসির ফরোয়ার্ড পা ওমর বাবু করেছেন ৬ গোল। এবারের লিগে চমক দেখানো ফর্টিস তাঁর গোলেই ভর করে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

দেশি ফুটবলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নামটি কিংসের ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। জাতীয় দলের এই স্ট্রাইকার ঘানার স্যামুয়েল বোয়াটেংয়ের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় চতুর্থ স্থানে আছেন। দুজনের গোলই ৫টি করে। তবে শীর্ষ পাঁচে দেশিদের প্রতিনিধিত্ব বলতে ফাহিমই একমাত্র। আরেক জাতীয় দলের উইঙ্গার শেখ মোরসালিন করেছেন ৩ গোল। তালিকার ষষ্ঠ স্থানে থাকা মোরসালিনের ওপরেই অবস্থান করছেন সাতজন ফুটবলার।

এই পর্বে বাংলাদেশি ফুটবলারদের মধ্যে আটজন গোলের সংখ্যা দুইয়ে নিতে পেরেছেন। তাঁদের মধ্যে রয়েছেন আরামবাগ ক্রীড়া সংঘের কাজী রাহাদ মিয়া, বসুন্ধরা কিংসের রাকিব হোসেন, আবাহনীর আল আমিন, ফকিরেরপুলের ইরফান সাজ্জাদ ও হোসাইন মো. আরিয়ান, ফর্টিসের রিয়াজ উদ্দিন সাগর, মোহামেডানের রহিম উদ্দিন এবং পিডব্লিউডির মিনহাজুল করিম স্বাধীন।

হ্যাটট্রিকের হিসেবে অবশ্য লিগে এখন পর্যন্ত একমাত্র কীর্তিটি বিদেশির দখলেই। মোহামেডানের ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেং গত ৬ ডিসেম্বর পিডব্লিউডির বিপক্ষে ৪-০ গোলের জয়ে একাই তিনবার বল জালে পাঠান। আগের মৌসুমে রহমতগঞ্জের হয়ে খেলা এই স্ট্রাইকার এবারও নিজের জাত চিনিয়ে দিয়েছেন।

প্রথম পর্ব শেষে তাই পরিসংখ্যানই বলে দিচ্ছেদেশি লিগ হলেও গোলের গল্পটা এখনো বিদেশিদের দখলেই।

আরকে/প্রবা

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা