প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ১২:৫২ পিএম
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। এর পর থেকে আশঙ্কাজনক হারে ফেসবুক ফলোয়ার হারাচ্ছে শাহরুখ খানের দলটি।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কেকেআরের ফেসবুক পেজে ফলোয়ার ছিল ১ কোটি ৮০ লাখ ৬৬ হাজার। এর দুই ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে পেজটিতে ফলোয়ার কমে দাঁড়ায় ১ কোটি ৮০ লাখ ৩৯ হাজারে। অর্থাৎ দুই ঘণ্টায় ফলোয়ার কমেছে ২৭ হাজার।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ফলোয়ার কমে যাওয়ার এই ধারা অব্যাহত রয়েছে।
গতকাল শনিবার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর কিছুক্ষণ পর মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয় কলকাতা।
বাংলাদেশ থেকে সাত খেলোয়াড়ের নাম ছিল গত মাসে অনুষ্ঠিত আইপিএলের নিলামে; কিন্তু দল পান শুধু মোস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে কেনে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো বাংলাদেশি ক্রিকেটারের এটাই সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড।