প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫ ২৩:০০ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৫ পিএম
লা মাসিয়ার ছায়া থেকে যে গল্পের শুরু, সেই গল্প এবার ছুঁতে যাচ্ছে এক ভিন্ন ‘বার্সেলোনা’। নাম এক, আত্মা আলাদা। ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত নাম লিওনেল মেসি এবার মাঠে নামবেন ‘বার্সেলোনা’র বিপক্ষে—তবে সেটি স্পেনের নয়, ইকুয়েডরের গুয়ায়াকিলের ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা দে গুয়ায়াকিল।
প্রাক-মৌসুম
প্রস্তুতির সূচি ঘোষণা করেছে ইন্টার মায়ামি। আর সেই সূচির সবচেয়ে আলোচিত অধ্যায় হয়ে
উঠেছে মেসির এই ভিন্ন মুখোমুখি হওয়ার গল্প। আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা, যার ক্যারিয়ার
গড়ে উঠেছিল কাতালুনিয়ার ফুটবল কারখানায়, তিনি জীবনে প্রথমবার খেলবেন এমন এক দলের বিপক্ষে—যাদের
নাম বার্সেলোনা হলেও ইতিহাস লেখা হয়েছে দক্ষিণ আমেরিকার ঘামঝরা মাঠে।
২০২৬
মৌসুমের প্রস্তুতি নিতে দক্ষিণ আমেরিকায় পাড়ি দিচ্ছে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার
মায়ামি। সফরের শুরু পেরু দিয়ে, এরপর কলম্বিয়া, শেষ গন্তব্য ইকুয়েডর। ২৪ জানুয়ারি ৭
ফেব্রুয়ারি পর্যন্ত। এই সফর কেবল প্রস্তুতির নয়, বরং মেসির উপস্থিতিতে পরিণত হয়েছে
ফুটবল উৎসবে।
সফরের
শেষ দিনেই বার্সেলোনার বিপক্ষে ম্যাচ দিয়ে ইন্টার মায়ামি প্রথমবার কোনো ইকুয়েডরিয়ান
ক্লাবের মুখোমুখি হবে। ১৬বারের লিগ শিরোপাজয়ী বার্সেলোনা দে গুয়ায়াকিল দক্ষিণ আমেরিকান
ফুটবলে এক সুপ্রতিষ্ঠিত নাম। আর সেই ক্লাবের বিপক্ষে মেসির উপস্থিতি ইকুয়েডরের ফুটবলপ্রেমীদের
জন্য নিঃসন্দেহে এক স্মরণীয় মুহূর্ত।
গত
মৌসুমে মেসির পায়ে ভর করেই ইতিহাস গড়েছে ইন্টার মায়ামি। ক্লাবটির প্রথম মেজর লিগ সকার
কাপ জয়ের নায়ক তিনি। ২০২৫ বর্ষপঞ্জিতে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৪৩ গোল, সঙ্গে ২৫টি
অ্যাসিস্ট—মোট ৭৪ গোল অবদান। বয়স বাড়লেও মেসির ফুটবল যে এখনো
ক্ষুধার্ত, সেটিই যেন বারবার প্রমাণ দিচ্ছেন তিনি।
এই
প্রাক-মৌসুম সফর তাই শুধুই ম্যাচের তালিকা নয়—এটি স্মৃতি, নাম আর ইতিহাসের এক অনন্য সংযোগ। বিশেষ
করে ‘বার্সেলোনা’ নামের বিপরীতে মেসির উপস্থিতি ফুটবলপ্রেমীদের কল্পনায় তৈরি করেছে
আলাদা রোমাঞ্চ, যার উত্তাপ ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে দক্ষিণ আমেরিকার গ্যালারি থেকে বিশ্ব
ফুটবলের আড্ডায়।
আরকে/প্রবা