× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়ন নাসরিনকে ফুটবল শেখালো নবাগত বিকেএসপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫ ২২:৫৩ পিএম

চ্যাম্পিয়ন নাসরিনকে ফুটবল শেখালো নবাগত বিকেএসপি

কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দেড় বছর পর মাঠে গড়ালো নারী ফুটবল লিগের সপ্তম আসর। আজ সোমবার (২৯ ডিসেম্বর) উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসিকে ২-০ গোলে হারায় বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব। পরের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে ৮-০ গোলে বিধ্বস্ত করে বিকেএসপি ফুটবল ক্লাব। 

লম্বা বিরতির পর আয়োজিত এই লিগের উদ্বোধন করেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। এসময় নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণসহ, নির্বাহী কমিটির সদস্য টিপু সুলতান উপস্থিত ছিলেন। এবার ১১টি ক্লাব নিয়ে শুরু হয়েছে নারী ফুটবল লিগ। কোনো পৃষ্ঠপোষকতা না থাকায়, ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফার লিগ ডেভলাপমেন্টের অনুদান ব্যবহৃত হচ্ছে এবার।

ঢাকায় চলছে শৈত্যপ্রবাহ। ফলে মাঠে আলো কম। তাই ফ্ল্যাডলাইটের আলোয় হলো উদ্বোধনী ম্যাচটি। জুবুথুবু অবস্থায় গ্যালারিতে মেয়েদের খেলা উপভোগ করলেন শপাঁচেক দর্শক। এই ম্যাচে আর্মি জেতে তনিমা বিশ্বাসের উদ্ভাসিত নৈপুণ্যে। সানজিদা, আইরিন, সাগরিকা, কোহাতি কিসকুদের মতো সাফজয়ী চেনামুখ নিয়ে গড়া পুলিশ এফসি এবং বয়সভিত্তিক দলের নয়জনকে নিয়ে গড়া আর্মি জিতলেও লড়াইয়ে শুরুর দিকে অবশ্য ছিল না উত্তাপ।

ম্যাচের ৩৯ মিনিটে তনিমার অভাবনীয় এক গোলে লিড নেয় আর্মি (১-০)। দ্বিতীয়ার্ধে পুলিশ মরিয়া হয়ে ওঠে গোল পরিশোধে। কিন্তু রক্ষণদূর্গ জমাট রেখে খেলতে থাকে আর্মি। ৬৯ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করে আর্মি। সুলতানার থ্রু পাস ধরে বক্সে ঢুকে দূরূহ কোণ থেকেই শট নেন তনিমা। বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায় (২-০)। ক্রিস্টিয়ানো রোনালদোর স্টাইলে গোল উদযাপন করেন এই ফরোয়ার্ড। শেষে এই ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্মি।

ম্যাচ শেষে তনিমা বলেন, ‘আমাদের অনুশীলনে বলা হয়েছিল, রিটার্ন বল পেলে বারে ট্রাই করতে। সেটাই করেছি। সত্যি বলতে গোল হবে ভাবিনি। রোনালদোর জার্সি নম্বর ৭, আমারও ৭। ওনার উদযাপন দেখেছি, ভালো লাগে। সেনাবাহিনীর হয়ে অভিষেক ম্যাচে দুই গোল করার পরও এই উদযাপন করেছিলাম।’

তনিমা আরও বলেন, ‘রোনালদো আমার আইডল, তবে ব্রাজিল দলকে সমর্থন করি। সতীর্থদের সহযোগিতা না পেলে আজকের পারফরম্যান্স সম্ভব হতো না।’

দ্বিতীয় ম্যাচে চমকে দেয় নবাগত বিকেএসপি। গতবারের শিরোপাধারী নাসরিনকে পরায় গোলের মালা (৮-০)। অনুর্ধ-১৭ ও ১৯ দলের খেলোয়াড়দের নিয়ে দল গড়েছে বিকেএসপি। ২০২৩-২৪ মৌসুমে তারকা খেলোয়াড়দের সমাবেশ থাকলেও নাসরিন একাডেমি এবার দল গুছিয়েছে অনভিজ্ঞদের নিয়ে। তাই লিগে শুরুতে মুদ্রার উল্টোপিঠ দেখেছে তারা। জয়ী দলের ফাতেমা আক্তার জোড়া গোল করেন (৮৩ ও ৮৭ মিনিটে)। ১টি করে গোল করেন আইরিন খাতুন (২২ মিনিট), আলমিনা (২৭ মিনিট), অয়ন্ত বালা মাহাতো (৩৩ মিনিট), প্রতিমা মুন্ডা (৭৫ মিনিট), রিয়া (৮১ মিনিট) ও উম্মে কুলসুম (৯০+৩ মিনিট)।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা