প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:১৩ পিএম
নারী ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে সোমবার থেকে। ১১ দল নিয়ে হতে চলা এবারের নারী লিগের সবগুলো ম্যাচ হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। দলবদলের শেষদিন ছিল গতকাল শুক্রবার। শেষ দিনে বাজিমাত করেছে পুরনো ঢাকার ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। তারা দলে ভিড়িয়েছে জাতীয় দলের পাঁচ তারকা ফুটবলার- তহুরা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শামসুন্নাহার সিনিয়র ও শামসুন্নাহার জুনিয়রকে।
এছাড়াও তারা উড়িয়ে এনেছে দুই নেপালি ডিফেন্ডার পূজা রানা ও মিডফিল্ডার সবিতা রানা মাগারকে। গোলরক্ষক হিসেবে ফরাশগঞ্জ নিয়েছে জাতীয় নারী ফুটসাল দলে থাকা সেঁজুতিকে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরাশগঞ্জের ফুটবল কর্মকর্তা মানস বাবুরাম, ‘তারকা ফুটবলার ছাড়াও অনূর্ধ-১৭ এবং অনূর্ধ-২০ দলের বয়সভিত্তিক দলের কয়েকজন ফুটবলার নিবন্ধন করিয়েছে ফরাশগঞ্জ।’
ফরাশগঞ্জের কোচিং উপদেষ্টা হিসেবে থাকছেন স্থানীয় অন্যতম সেরা কোচ কামাল বাবু। তবে দলটির প্রধান কোচের দায়িত্বে থাকছেন আবু ফয়সাল। এরই মধ্যে তারা ৩৫ জনের স্কোয়াড তৈরি করে ফেলেছে। দল নিয়ে সন্তুষ্ট বাবুরাম বলেন, ‘আমরা যে স্কোয়াডটা করেছি তাতে সন্তুষ্ট। আশাকরি এই দল নিয়ে লড়াই করতে পারব এবং ফাইনাল খেলব।’
আগেই রাজশাহী স্টারস দলে ভিড়িয়েছে আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমা ও শিউলি আজিমকে। পুলিশ ক্লাবে এবার খেলছেন অনূর্ধ্ব-২০ নারী দলের তারকা ফুটবলার মোসাম্মৎ সাগরিকা। তার সঙ্গে আছেন সতীর্থ কোহাতি কিসকু, সুরমা জান্নাত ও আইরিন আক্তার।
নারী ফুটবল সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালে। ওই বছর চ্যাম্পিয়ন হয়েছিল নাসরিন স্পোর্টস একাডেমি। এরপর দেড় বছর অতিবাহিত হলেও মাঠে ফেরেনি এই আসর। অবশেষে অনেকটা তড়িঘড়ি করেই লিগ আয়োজনের উদ্যোগ নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কেননা আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। পরের মাসে থাইল্যান্ডে হবে অনূর্ধ-২০ এশিয়ান কাপের লড়াই। ওই টুর্নামেন্টেও খেলবেন সাগরিকা, মুনকি আক্তাররা।