প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ২২:১৩ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫ ২২:১৫ পিএম
ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে। যুব ও ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ সময় বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সহসভাপতি আসিফ মাহমুদ, সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান, টুর্নামেন্ট কমিটির সম্পাদক বদরুল ইসলাম দিপু, বাহফে সদস্য শহীদুল্লাহ দোলন, টুর্নামেন্টের চিফ কো-অর্ডিনেটর তারিকউজ্জামান নান্নু, বাহফে সভাপতির প্রতিনিধি রেফাতুল ইসলাম এবং বিশেষ অতিথি স্পন্সর প্রতিষ্ঠানের নারায়নগঞ্জ শাখার এজিএম ইসতিয়াক হাবিব বিশ্বাসসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এই আসরের বাছাইপর্ব ইতিপূর্বে চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। চারটি ভেন্যুর চ্যাম্পিয়ন দল ও বিকেএসপিসহ মোট পাঁচটি দল নিয়ে চূড়ান্ত পর্ব শুরু হলো।
উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় জোন-২ (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ) ২-১
গোলে জোন-১ (রাজশাহী ও রংপুর বিভাগ) কে হারায়। বিজয়ী দলের প্রিতু সেন ও অপূর্ব আক্তার জান্নাতুল ১টি করে এবং বিজিত দলের রানী আক্তার রিয়ামনি ১টি গোল করেন।
অপর খেলায় জোন-৩ (খুলনা ও বরিশাল) ৭-০
গোলে জোন-৪ (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) কে হারায়।
আরকে/প্রবা