প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ২১:৫৮ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫ ২১:৫৯ পিএম
ঘরের
কোর্টে দুই টুর্নামেন্টে জোড়া ইতিহাস রচনা করল বাংলাদেশ। ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক
চ্যালেঞ্জে মিশ্র দ্বৈতে আল আমিন ও ঊর্মি আক্তার রৌপ্যপদক জিতে দেশের ব্যাডমিন্টন ইতিহাসের
অংশ হয়েছিলেন। এবার ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক সিরিজে ভিন্ন এক ইতিহাস গড়লেন লাল-
সবুজের শাটলাররা। প্রথমবারের মতো আন্তর্জাতিক কোন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে
একসঙ্গে চারটি জুটি কোয়ালিফাই করেছে! বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের
সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন, ‘দেশের ব্যাডমিন্টনের ইতিহাসে এবারই প্রথম এমন ঘটনা।
আন্তর্জাতিক কোন টুর্নামেন্টের পুরুষ দ্বৈত ইভেন্টে প্রথমবারের মতো বাংলাদেশের চারটি
জুটি একসঙ্গে কোয়ালিফাই করেছে। এটা বাংলাদেশের ইতিহাস।’ সূত্রে জানা গেছে, ২০১৬ সালে
গুয়াহাটি সাউথ এশিয়ান (এসএ) গেমসে পুরুষ ও নারী মিলিয়ে চারটি জুটি কোয়ার্টার ফাইনালে
খেলেছিল। এবার সেই ইতিহাস গড়ল বৈশ্বিক কোন আসরে।’
বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পুরুষ ও নারীদের দ্বৈতের খেলা
অনুষ্ঠিত হয়। প্রি-কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দেশের রিয়াদুল ইসলাম ও তনয় সাহা জুটি
ইরানের মেহেদী আনসারী ও আমিন হোসেন জুটিকে ১৭-২১, ২১-১৪, ২১-১৯ পয়েন্টে হারিয়ে শেষ
আট নিশ্চিত করেন। বাংলাদেশের তানভীর আহমেদ ও গৌরব সিংহ জুটি স্বদেশী আকিব সুলাইমান
ও শুভ খন্দকার জুটিকে ২৪-২২, ২১-১৬ পয়েন্টে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেনে। এছাড়া
নাইম ও মিজান জুটি ভিয়েতনামের ডংখে ডংখা ও ট্রান হং খা জুটিকে ২২-২৪, ২১-১৪, ২১-১৮
পয়েন্টে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন। দিনের শেষে আল আমিন জুমার ও মোয়াজ্জেম
হোসেন জুটি ইরানের আমির হোসেন আজমলো ও সাইদ আরমিন জাকি জুটিকে ২১-১১, ২১-৯ পয়েন্টে
হারিয়ে জায়গা করে নেন শেষ আটে।
তবে
হতাশ করেছে নারীদের জুটি। দেশের ঘরোয়া আসরে এক নম্বর শাটলার নাসিমা খাতুন ও দুই নম্বর
র্যাংকিংয়ে থাকা ঊর্মি আক্তারের জুটি হেরে বিদায় নিয়েছেন। উঠতে পারেনি কোয়ার্টার ফাইনালে।
যোগ্যতর
চার জুটিই শেষ আটে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে বলে মনে করেন সাবেক তারকা শাটলার ও
বর্তমানে কোচ এলিনা সুলতানা। তার কথা, ‘এটা আমাদের দেশের ব্যাডমিন্টনের জন্য সুখবর।
ছেলেরা দারুণ খেলেছে। তাই যোগ্যতার ভিত্তিতেই চারটি জুটি কোয়ার্টার ফাইনালে খেলবে।
দেশের ব্যাডমিন্টনে এটি একটি ইতিহাসও বটে।’
আরকে/প্রবা