× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেডারেশন কাপ

ড্রতে মোহামেডানের লাভ, কিংসের শঙ্কা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ২২:৫৮ পিএম

ড্রতে মোহামেডানের লাভ, কিংসের শঙ্কা

লিগে চমৎকার ছন্দে তারা। কিন্তু ফেডারেশন কাপে যেন ঠিক তার উল্টো চিত্র। বলা হচ্ছে দেশের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের কথা। ফেডারেশন কাপে টানা দ্বিতীয় ম্যাচ ড্র করেছে তারা। যার সর্বশেষটি মোহামেডানের বিপক্ষে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনটি যেন তাদের জন্য ‘মঙ্গলময়’ ছিল না। কেননা কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেছে তারা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে।

ড্র করলেও লাভই হয়েছে ১১ বারের চ্যাম্পিয়ন মোহামেডানের। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে থেকে (সমান পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে শীর্ষে আছে ফর্টিস এফসি) নকআউট পর্বে যাওয়ার দৌড়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’বাহিনী। পক্ষান্তরে দুই ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে বি-গ্রুপে পাঁচ দলের মধ্যে চারে আছে চারবারের শিরোপাধারী ‘দ্য কিংস’ খ্যাত বসুন্ধরা। ফলে পরবর্তী পর্বে উন্নীত হওয়াটা তাদের জন্য বেশ কঠিনই হয়ে গেল। টুর্নামেন্ট থেকে বাদ পড়ায় শঙ্কায় পড়ে গেল তারা। বসুন্ধরা কিংস দুই মাসের বেশি সময় পর ফেডারেশন কাপের ম্যাচ খেলল। অক্টোবরে চ্যালেঞ্জ লিগের ম্যাচের আগে ফেডারেশন কাপে খেলেছিল। বি গ্রুপের অন্য দুই দল পুলিশ দুই ম্যাচে ৩ পয়েন্টে তৃতীয় ও আরামবাগ দুই ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়ায় সবার নিচে রয়েছে। গ্রুপের শীর্ষ দুই দল পরবর্তী রাউন্ডে খেলবে।

এই মৌসুমে দুই দলের এটি ছিল তৃতীয় সাক্ষাৎ। মৌসুমসূচক টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপে ও লিগে বসুন্ধরা কিংস জিতেছে। তৃতীয় মোকাবিলা হলো ড্র।

এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ১৬ ডিসেম্বরে। কিন্তু ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিজয় দিবসের কুচকাওয়াজ থাকায় পিছিয়ে দেয় বাফুফে। তাতে দুই দল কোমর বেঁধে প্রস্তুতি নেওয়ার জন্য সময় পায় আরও সাত দিন, কিন্তু মাঠের লড়াইয়ে সে প্রস্তুতির প্রতিফলনের দেখা মেলেনি। যদিও উভয় দলই আক্রমণ ও পাল্টা-আক্রমণ শাণিয়েছে, কিন্তু কেউই কাঙ্খিত গোলের দেখা পায়নি। ঘরোয়া ফুটবলে মোহামেডান-কিংস ম্যাচ মানেই উত্তেজনা। মৌসুমের প্রথম ম্যাচ চ্যালেঞ্জ কাপের ভেন্যু নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। শেষ পর্যন্ত কুমিল্লার অপ্রস্তুত মাঠেই খেলা হয়। ওই ম্যাচে কিংস জয়লাভ করে। এরপর লিগের ম্যাচের আগের দিন কিংসে অনুশীলন করতে না পারায় মোহামেডান প্রশ্ন তুলেছিল। ওই ম্যাচে মোহামেডান ২-০ গোলে হারে।

প্রথমার্ধের যোগ করা সময়ে ফাহিমের কাটক্যাকে রাকিব মোহামেডানের জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি কিংস। কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টন এদিন খেলেননি। তার অনুপস্থিতি ভালোই টের পেয়েছে কিংস। মোহামেডানের গোলরক্ষক সুজন অসাধারণ গোলকিপিং করে দলকে একাধিক গোল হজমের হাত থেকে রক্ষা করেন।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা