প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ২০:০২ পিএম
কাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর), রাত সাড়ে ৯টায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আয়োজনে আন্তর্জাতিক অনলাইন দাবা প্ল্যাটফর্ম লিচেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭০০তম অনলাইন ব্লিটজ দাবা টুর্নামেন্ট। এই আয়োজন বাংলাদেশের দাবা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও গৌরবজনক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
কোভিড–১৯ মহামারির শুরুর দিকে, যখন অনবোর্ড দাবা কার্যক্রম সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়ে এবং সব ধরনের টুর্নামেন্ট আয়োজন বন্ধ হয়ে যায়, তখন দাবা চর্চাকে সচল ও ধারাবাহিক রাখার লক্ষ্যে ১ এপ্রিল ২০২১ থেকে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব অনলাইন ব্লিটজ দাবা টুর্নামেন্ট আয়োজন শুরু করে। প্রথমে জেস ডটকম প্ল্যাটফর্মের মাধ্যমে এই উদ্যোগ গ্রহণ করা হয়, যা অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। পরবর্তীতে প্ল্যাটফর্ম পরিবর্তন করে লিচেসে নিয়মিতভাবে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার-সপ্তাহে তিন দিন অনলাইন ব্লিটজ টুর্নামেন্ট আয়োজন করা হতে থাকে। এসব টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রান্তের দাবাড়ুদের পাশাপাশি বিদেশি দাবাড়ুরাও নিয়মিত অংশগ্রহণ করে আসছেন, ফলে একটি প্রতিযোগিতামূলক, প্রাণবন্ত ও আন্তর্জাতিক মানের দাবা পরিবেশ গড়ে উঠেছে। এই ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবেই আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইন ব্লিটজ দাবা টুর্নামেন্ট।
আরকে/প্রবা