প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ২১:১১ পিএম
হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলতে নেমেছিল বাংলাদেশ।কিন্তু শুক্রবার (১৯ ডিসেম্বর) সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হারায় শিরোপা ধরে রাখা হলো না বর্তমান চ্যাম্পিয়নদের। অন্যদিকে, শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে ভারত। রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় ভারত-পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে।
বৃষ্টি বাধায় দ্বিতীয় সেমিফাইনাল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২৭ ওভারে। ব্যাটিং-ব্যর্থতায় ১২১ রানে অলআউট হয় আজিজুল হাকিম তামিমের দল।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান যুবাদের অধিনায়ক ফারহান ইউসুফ। তার সিদ্ধান্ত সঠিকই প্রমাণ করেছে বোলাররা। ৬ বোলারের পাঁচজনই পেয়েছেন উইকেটের দেখা। শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে পাকিস্তানের বোলাররা। বোর্ডে ২৪ রান যোগ হতেই দুই ওপেনার রিফাত বেগ (৯) ও জাওয়াদ আবরার (১৪) ফেরত যান সাজঘরে। অধিনায়ক আজিজুল হাকিম আউট হন তৃতীয় ব্যাটার হিসেবে ২০ রান করে দলীয় ৫৫ রানে। কালাম সিদ্দিকি (৮) ও আব্দুল্লাহকেও (৫) ফেরান আব্দুল সুবহান। ৬৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।
শেষদিকে সবুজকে ২ রানে
ফিরিয়ে চতুর্থ উইকেটপূর্ণ করেন সুবহান। বাকি ব্যাটারদের মধ্যে শেখ পারভেজ জীবন ৯, ফরিদ
হাসান ৭, সাদ ইসলাম ০ ও ইকবাল হোসেন ইমন অপরাজিত থাকেন ১ রানে। সর্বোচ্চ ৩৩ রান করা
সামিউন বশির আউট হন ৩৩ রানে। সুবহানের ৪ উইকেট ছাড়া দুটি উইকেট পেয়েছেন হুজাইফা আহসান।
সমান ১টি করে আলি রাজা, মোহাম্মদ সায়েম ও আহমেদ হুসেন।
রান তাড়ায় বাংলাদেশ
প্রথম ওভারে উইকেট উদযাপনে মাতলেও শেষে আনন্দটা মাটি করে দেন সমির মিনহাস। ৬৯ রানের
ইনিংস খেলে বাংলাদেশের ফাইনালে যাওয়ার আশা ধুলোয় মিশিয়ে দেন পাকিস্তানের ওপেনার।৬৩
বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
অন্যদিকে, বৃষ্টির কারণে
২০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ১৩৮ রান দাঁড় করায় শ্রীলঙ্কা। চামিকা
হেনাতিগালার ৪২ রানের বিপরীতে কমপক্ষে দুটি ত্রিশ রানের ইনিংস খেলেন সেতমিকা সেনেভিরত্নে
(৩০) ও অধিনায়ক ভিমাত দিনসারা (৩২)।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল ভারত। দলীয় ২৫ রানে সাজঘরে ফেরেন দুই ওপেনার সূর্যবংশী (৯) ও আয়ুশ মাহাত্রে (৭)। পরে অবশ্য আর কোনো উইকেট হারাতে দেননি অ্যারন জর্জ ও ভিহান মালহোত্রা। দুজনই ফিফটি করে দলকে ফাইনালে তুলেছেন।