এমটিবি আন্তর্জাতিক মাস্টার্স দাবা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৪ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৫ পিএম
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এমটিবি আন্তর্জাতিক মাস্টার্স দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলা শেষে ভারতের বিভর আদাক তিন পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় আড়াই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও ভারতের ফিদেমাস্টার গুরপ্রিত পাল সিং দুই পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশশের মাল্টি পারপাস হলে তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। তৃতীয় রাউন্ডের খেলায় বিভর নিজ দেশের অর্পণ দাস (জুনিয়র)-কে হারান। বিভর সাদা ঘুঁটি নিয়ে অর্পণের ক্যারো-কান ডিফেন্সের বিরুদ্ধে খেলে ২৭ চালের মাথায় জয়ী হন।
মনন ভারতের ফিদেমাস্টার গুরপ্রিত পাল সিংকে হারান। মনন সাদা ঘুঁটি নিয়ে গুরপ্রিতের ফ্রেঞ্চ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলেন। ক্লাসিক্যাল বিশ্লেষণ ধারার এ খেলায় মনন ৪৭ চালের মাথায় জয়ী হন।আরকে/প্রবা