বিজয় দিবস হ্যান্ডবল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ২২:০৩ পিএম
ডাবল ট্রফি নিয়ে শিরোপা উদযাপন করছে আনসারের পুরুষ ও নারী দল। ছবি : হ্যান্ডবল ফেডারেশন
পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে চার দিনব্যাপী ‘মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা’ শেষ হয়েছে মঙ্গলবার (১৬ ডিসেম্বর)। জমকালো ফাইনালের মধ্য দিয়ে শেষ হওয়া এই প্রতিযোগিতায় নারী বিভাগে রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপার পাশাপাশি পুরুষ বিভাগে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।
শিরোপা
ধরে রাখার লক্ষ্যে নারী বিভাগের ফাইনালে আনসার মুখোমুখি হয় বাংলাদেশ পুলিশের। শুরু
থেকেই প্রতিরোধ গড়ার চেষ্টা করে পুলিশ দলের খেলোয়াড়রা। তবে সময়ের সঙ্গে সঙ্গে আনসারের
খেলোয়াড়দের ব্যক্তিগত ও দলগত নৈপুণ্যে পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। প্রথমার্ধ শেষে আনসার
এগিয়ে থাকে ১৮-১২ গোলে। দ্বিতীয়ার্ধেও একই ধারাবাহিকতায় খেলতে থাকে আনসারের মেয়েরা।
শেষ পর্যন্ত ৩৪-২৫ গোলের জয় নিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপার স্বাদ পায় সার্ভিসেস
দলটি।
আনসারের
ইশমেতারা নিশি সর্বোচ্চ ৯টি গোল করেন। অপরদিকে ম্যাচের সর্বোচ্চ ১৩টি গোল আসে পুলিশের
রুবিনার কাছ থেকে। পুরো প্রতিযোগিতা জুড়ে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে বাংলাদেশ
আনসারের আল্পনা আক্তার সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
অপরদিকে পুরুষ বিভাগের ফাইনালে মুখোমুখি হয় বর্ডার গার্ড বাংলাদেশ ও আনসার। বিগত ৪টি বিজয় দিবস প্রতিযোগিতায় রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকলেও এবার চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে আনসারের পুরুষ দল। পেন্ডুলামের মতো দুলতে থাকা খেলায় কখনও আনসার আবার কখনও বিজিবি এগিয়ে যায়। প্রথমার্ধ শেষে স্কোর দাড়ায় ১৩-১৩। দ্বিতীয়ার্ধও শুরু হয় সেই হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে। খেলার শেষ বাশিঁ বাজার আগ পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছিল না কার হাতে শিরোপা উঠতে যাচ্ছে। শেষ পর্যন্ত মাত্র ১ গোলের ব্যবধানে শিরোপা উঠে আনসারের ঘরে। ২৭-২৬ গোলের জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মত উভয় বিভাগেই ডাবল ট্রফি জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ আনসার।
বিজিবির
তাজু এবং আনসারের উচু দুজনেই নিজ নিজ দলের হয়ে করেন সর্বোচ্চ ৮টি করে গোল। আনসারের
গোলরক্ষক আবির হোসেন সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
ফাইনাল খেলা শেষে পুরুষ ও নারী বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা।
আরকে/প্রবা