প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ২১:৩৮ পিএম
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের উদ্যোগে শনিবার (৬ ডিসেম্বর) উত্তরা এসডিআই মাঠে অনুষ্ঠিত হয়েছে প্রিমিয়ার ফুটসাল লিগ (সিজন–৩)। দিনব্যাপী এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা, ক্রীড়াস্পৃহা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশের সমন্বয়ে জমে ওঠে এক প্রাণবন্ত ক্রীড়া উৎসব।
এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোট আটটি দল। রোমাঞ্চকর ফাইনাল খেলায় ট্রেইলব্ল্যাজার্স দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ভাইপার্স দল রানার্সআপ হয়। টুর্নামেন্টে সেরা খেলোয়ার হন রাহাত রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ ইকবাল (ব্যবস্থাপনা পরিচালক, স্কাইলাইন গ্রুপ এবং লাইফ মেম্বার, ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড))। তিনি খেলোয়াড়দের চমৎকার পারফরম্যান্সের প্রশংসা করেন এবং ক্লাবের ক্রীড়া কার্যক্রম আরও বিস্তৃত হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন কবির শিপন ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম। তারা খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি এবং ক্লাবের ক্রীড়া আয়োজনের ধারাবাহিক উন্নয়নের প্রতি জোর দেন।
এই সফল আয়োজনের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ক্রীড়া সম্পাদক আসিফুর রহমান খান ও যুগ্ম ক্রীড়া সম্পাদক রেজাউল করিম। তাদের সুনিপুণ পরিকল্পনা, তদারকি ও নিষ্ঠার ফলে পুরো টুর্নামেন্ট নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।
সকাল সন্ধ্যা পর্যন্ত প্রতিটি ম্যাচ ছিল উত্তেজনা, কৌশল ও প্রতিভায় পরিপূর্ণ। খেলোয়াড়, দর্শক, অতিথি ও ক্লাব সদস্যদের সক্রিয় অংশগ্রহণ টুর্নামেন্টকে উত্তাপ ও আনন্দের এক অনন্য রূপ দেয়। ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড প্রধান অতিথি, বিশেষ অতিথি, অংশগ্রহণকারী দল, নির্বাহী কমিটি এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানায়। ক্লাব ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখবে।
আরকে/প্রবা