ট্রাই নেশন সিরিজ, বাংলাদেশ ১-২ আজারবাইজান
রুমেল খান
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ২১:৩১ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫ ২১:৩৩ পিএম
মারিয়া মান্দার (বায়ে) গোলে সমতায় ফিরেও ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশ। ছবি : বাফুফে
প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচটা স্মরণীয় হতে পারতো। হয়নি। জেতাই যথেষ্ট নয়, শিরোপা জিততে হলে দরকার ছিল বেশি গোলের ব্যবধানে জয়। কিন্তু না, উল্টো হেরেই গেল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল! এতে হতাশ হন স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত হাজার পাঁচেক দর্শক। ‘ট্রাই নেশন সিরিজ’-এ মঙ্গলবার (২ ডিসেম্বর) দিনটা ‘মঙ্গলময়’ হলো না লাল-সবুজ বাহিনীর। ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সিঙ্গেল লিগভিত্তিক তিন জাতি টুর্নামেন্টের শেষ ম্যাচে তারা ২-১ গোলে হেরেছে আজারবাইজানের কাছে। খেলার প্রথমার্ধের স্কোরলাইন ১-১ ছিল।
২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সিরিজের শীর্ষ দল আজারবাইজান। ৩ পয়েন্ট নিয়ে মালয়েশিয়া দুইয়ে এবং শূন্য পয়েন্ট নিয়ে তিনে আসর শেষ করেছে বাংলাদেশ।
অবশ্য হারলেও খুব একটা মন্দ খেলেনি পিটার বাটলারের শিষ্যারা। বিশেষ করে বহুল আলোচিত ‘হাই লাইন ডিফেন্স’ নিয়ে এই ম্যাচে ভুগতে হয়নি তাদের। ১৯ মিনিটে বা প্রান্তে ফ্রিকিক পায় আজারবাইজান। মানইয়া এসরার উঁচু ফ্রিকিক বক্সের ভেতরে অরক্ষিত অধিনায়ক জাফরজাদা সেভিন লাফিয়ে ওঠে হেড করেন। রূপনা ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি (১-০)। জাফরজাদা গোল উদযাপন করেন বাইরে থেকে এক সতীর্থের দেওয়া একটি জার্সিতে একটি নারীর ছবি দেখিয়ে। পরে কান্নায় ভেঙ্গে পড়েন। জার্সিতে ইংরেজিতে যা লেখা ছিল তার বাংলা হচ্ছে এরকম : ‘মায়েরা কখনো মরে না। মা, তুমি আমার হৃদয় জুড়ে সর্বক্ষণ!’ পরে জানা গেছে জাফরজাদার মা মারা গেছেন দুই বছর আগের এই দিনে।
৩৪ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম কর্নার। স্বপ্না রানীর উড়ন্ত কর্নার গোলরক্ষক শারিফোভা জটলার ভেতরে ফিস্ট করেন। কিন্তু বিপদের তখনও বাকি ছিল। কেননা বল গিয়ে পড়ে মারিয়া মান্দার পায়ে। তিনি যে বা পায়ের অসাধারণ উঁচু-মাপা ভলিশট নেন, তা পোস্টের কোনা দিয়ে জালে ঢুকে যায় (১-১)। বাঁধভাঙ্গা উল্লাসে ফেটে পড়ে বাংলার বাঘিনীরা। 
৮৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আজারবাইজান। বা প্রান্ত দিয়ে আকার ইয়েলিজ বল নিয়ে ঢুকে পড়ে বা পায়ের উঁচু যে ক্রস করেন, বক্সের ভেতরে সেই বলে ডান পায়ের চমৎকার সংযোগ ঘটিয়ে ফিনিশ করেন মানইয়া এসরা (২-১)। 
ভুটানি রেফারি চোকি ওম খেলা শেষের বাঁশি বাজালে শিরোপাজয়ের (যদিও তাদের কোনো ট্রফি দেওয়া হয়নি) চিত্তসুখ নিয়ে আজারবাইজান এবং হারের বেদনা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 
বাংলাদেশ : রূপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, স্বপ্না রানী, মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন (মোসাম্মৎ সুলতানা) শামসুন্নাহার জুনিয়র (উমেহলা মারমা), নবিরন খাতুন।