× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাল ইউরোপের আজারবাইজানের মুখোমুখি বাংলাদেশ

জেতাই যথেষ্ট নয়, চ্যাম্পিয়ন হতে চাই বেশি গোলও

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম

জেতাই যথেষ্ট নয়, চ্যাম্পিয়ন হতে চাই বেশি গোলও

নারী ফুটবলের ‘ট্রাই নেশন সিরিজ’এ অগ্নিপরীক্ষায় নামছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। কাল মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচে লালসবুজদের প্রতিপক্ষ আজারবাইজান। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ওই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই মূলত এই সিরিজটি খেলছে আফঈদা-তহুরা-মনিকা-মারিয়ারা।


ফিফা র‌্যাংকিংয়ের ব্যবধানেই বোঝা যায় দুই দলের শক্তিমত্তা। যেখানে বাংলাদেশ আছে ১০৪ নম্বরে, আর আজারবাইজান ৭৪তম স্থানে। ইউরোপের দল আজারবাইজান শক্তির বিচারে অনেক এগিয়ে। এর আগে কখনোই ইউরোপিয়ান দলের বিপক্ষে মাঠে নামেনি বাংলাদেশ নারী দল। তাই আজকের ম্যাচ বাংলাদেশের জন্য একইসঙ্গে ঐতিহাসিক ও বড় চ্যালেঞ্জ।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ গোলের হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। অন্যদিকে আজারবাইজান মালয়েশিয়াকে হারিয়েছে ২-০ গোলে। ফলে পয়েন্ট টেবিলে আজারবাইজান রয়েছে শীর্ষে। এক ম্যাচে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। দুই ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়েই দুই নম্বরে মালয়েশিয়া। আর বাংলাদেশ এখনো পয়েন্টশূন্য।

তবে আজ যদি বাংলাদেশ জিততে পারে, তাহলে তিন দলেরই পয়েন্ট দাঁড়াবে ৩। সে ক্ষেত্রে চ্যাম্পিয়ন নির্ধারণে ব্যবহৃত হবে গোল পার্থক্য। বর্তমানে আজারবাইজানের গোল পার্থক্য +২, আর বাংলাদেশ ও মালয়েশিয়ার ১। বাংলাদেশ একটি ম্যাচ কম খেলায় শুধু জিতলেই হবে না, করতে হবে যত বেশি সম্ভব গোলও। কিন্তু বাস্তবতা বলছে, কাজটি সহজ নয়!


বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার প্রথম ম্যাচে দলকে খেলিয়েছিলেন ‘হাই লাইন ডিফেন্স’ কৌশলে। ঝুঁকিপূর্ণ এই পরিকল্পনার কারণেই বিশেষজ্ঞ ও সমর্থকদের কাছ থেকে সমালোচিত হয়েছেন তিনি। তবে বাটলার তাতে ভ্রূক্ষেপ করছেন না। এক্ষেত্রে তার ভাষ্য, ‘বড় দলের বিপক্ষে পেছনে বসে থেকে লাভ নেই। সাহসী ফুটবলই আমাদের অস্ত্র।’

এখন অপেক্ষা, সেই সাহসী পরিকল্পনা আজ মাঠে কাজ করবে, নাকি ইউরোপের শক্তিশালী প্রতিপক্ষের সামনে আবার ভেঙে পড়বে লাল-সবুজ বাহিনী? চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণ স্পষ্ট— বাংলাদেশকে জিততেই হবে, এবং সেটা বড় ব্যবধানে।
মাঠে নামবে ইতিহাস লিখতে, না কি শুধু লড়াই করে বিদায় নেবে
তার উত্তর মিলবে কাল সন্ধ্যার ৯০ মিনিটেই।


ঋতুপর্ণা-সাগরিকা-স্বপ্নাদের সমর্থনে আজ স্টেডিয়ামে থাকবে দর্শকদের তুমুল সমর্থন। এখন পুরো দেশের অপেক্ষা বাংলাদেশ কি প্রথমবার ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে জয় দিয়ে রাঙাতে পারবে সন্ধ্যা?


বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল : ‎‎রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মামনি চাকমা, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমহেলা মারমা, শাহেদা আক্তার, মোসাম্মৎ সুলতানা, মোসাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান, রুমা আক্তার ও তনিমা বিশ্বাস।


আরকে/প্রবা

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা