× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডি পল-মাশ্চেরানোর স্মরণীয় ‘প্রথম’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১২:৪৪ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫ ১২:৪৪ পিএম

ডি পল-মাশ্চেরানোর স্মরণীয় ‘প্রথম’

আজ রবিবার (৩০ নভেম্বর) ইন্টার মায়ামি তাদের ক্লাব-ইতিহাসে তৃতীয় শিরোপা জিতেছে। ইস্টার্ন কনফারেন্স কাপের ফাইনালে তারা ৫-১ গোলে হারিয়েছে নিউইয়র্ক সিটি এফসিকে। মায়ামির অধিনায়ক লিওনেল মেসির এটি ক্যারিয়ারের ৪৭তম দলীয় শিরোপা। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে ‘মেসির বডিগার্ড’ খ্যাত ও মেসির মায়ামি সতীর্থ রড্রিগো ডি পলের দীর্ঘ ১৩ বছরের ক্লাব ক্যারিয়ারে এটাই প্রথম শিরোপা! শুধু তাই নয়, মায়ামির কোচ জাভিয়ের মাশ্চেরানোরও চার বছরের কোচিং ক্যারিয়ারে এটা প্রথম শিরোপা জয়!

৩১ বছর বয়সী দুর্দান্ত মিডফিল্ডার ডি পল তার জাতীয় দল আর্জেন্টিনার হয়ে জিতেছেন বিশ্বকাপ, ফিনালিসিমা ও দুটি কোপা। ২০১২ সাল থেকে ক্লাব ক্যারিয়ারে খেলা শুরু করে এ পর্যন্ত খেলেছেন আর্জেন্টিনার রেসিং, স্পেনের ভ্যালেন্সিয়া ও এ্যাটলিকো মাদ্রিদ, ইতালির উদিনেস ও যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। কিন্তু মায়ামিতে আসার আগে আগের ক্লাবগুলোর হয়ে কোন শিরোপাই জেতেননি। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং বটে। কেননা সাধারণত দেখা যায় ফুটবলাররা ক্লাব পর্যায়ে অহরহ সাফল্য পেলেও জাতীয় দলে পান না। এর সবচেয়ে ভালো উদাহরণ তো মেসি-ই। কেননা একটা লম্বা সময় বার্সেলোনার হয়ে সব ধরনের ট্রফি জিতলেও জাতীয় দল আর্জেন্টিনার হয়ে কোনো ট্রফি জিততে পারেননি, বরং হেরেছেন চারটি ফাইনালে।  ইংল্যান্ডের হ্যারি কেন তো আরও অভাগা ছিলেন। জাতীয় দল তো বটেই, ক্লাব পর্যায়েও তিনি ছিলেন ট্রফিশূন্য! অবশেষে ২০২৪ সালে জার্মানির বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেলিগার শিরোপা জিতে শিরোপা খরা ঘোঁচান। পরের বছর একই ক্লাবের হয়ে জেতেন আরেকটি শিরোপা (ফ্রাঞ্জ বেকেনবাওয়ার সুপারকাপ)।

এবার আসা যাক মায়ামি কোচ মাশ্চেরানোর প্রসঙ্গে। আর্জেন্টাইন এই কোচ খেলোয়াড়ী জীবনে জাতীয় দলের হয়ে শিরোপা জিততে না পারলেও ক্লাব পর্যায়ে জিতেছেন অসংখ্য শিরোপা। খেলা ছেড়ে ২০২১ সালের ডিসেম্বরে কোচিং ক্যারিয়ার শুরু করেন। আর্জেন্টিনা অনুর্ধ-২০ দলের হয়ে ২৯ ও আর্জেন্টিনা অনুর্ধ-২৩ দলের হয়ে ২১ ম্যাচে ডাগ আউটে দাঁড়িয়েছেন। কিছুই জিততে পারেননি।

তারপর ২০২৪ সালের নভেম্বরে ইন্টার মায়ামির কোচের দায়িত্ব গ্রহণ করেন। এ পর্যন্ত তার অধীনে মায়ামি খেলেছে ৫৭ ম্যাচ। জিতেছে ৩৩টিতে, ড্র করেছে ১১টিতে, আর হেরেছে ১৩টিতে। শনিবার মায়ামির ডাগ আউটে থাকা তার ৫৭তম ম্যাচটিই ছিল ‘স্পেশাল’। কেননা এই ম্যাচে প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারিয়ে ক্লাব ইতিহাসে তৃতীয়বারের মতো শিরোপা জেতে মায়ামি। আর কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মতো শিরোপা জেতেন একদা মেসির সতীর্থ জাভিয়ের মাশ্চেরানো। নিঃসন্দেহে দিনটা অনেকদিন মনে রাখবেন তিনি। ডি পল-ও।

আরকে/প্রবা
 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা