বাংলাদেশ ফুটবল লিগ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৮:৫৯ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫ ১৯:০০ পিএম
পেশাদার
ফুটবল লিগের সবচেয়ে সফল দল ঢাকা আবাহনী লিমিটেড। সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন তারা।
তবে সর্বশেষ সাত মৌসুম ধরে তারা শিরোপাবঞ্চিত। চলমান বাংলাদেশ ফুটবল লিগেও তাদের নৈপুণ্য
হতাশ জাগানিয়া। শুরুটা হয় ড্র দিয়ে। পরের দুই ম্যাচে হার, এর মধ্যে সর্বশেষটা আবার
চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে। ব্যর্থতার গণ্ডিতে আটকে যাওয়া সেই আবাহনী অবশেষে
নিজেদের চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে
শনিবার (২৮ নভেম্বর) তারা বাংলাদেশ পুলিশ এফসিকে ২-০ গোলে হারায় আকাশি-নীলরা। একইদিন মানিকগঞ্জের
শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ফর্টিস
এফসি।
১০
জনের দলে পরিণত হলেও জিততে কোনো অসুবিধা হয়নি ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনীর।
দুটি গোলই আসে প্রথমার্ধে। ২৫ মিনিটে স্পট কিক থেকে স্বাগতিকদের এগিয়ে দেন সুলেমান
দিয়াবাতে। ডি বক্সে পড়ে গিয়ে পেনাল্টিটা অবশ্য তিনিই আদায় করে নেন।
এর
আগে অবশ্য শুরুর একাদশ থেকে বাধ্য হয়ে দুটি পরিবর্তন আনতে হয় আবাহনী কোচ মারুফুল হককে।
ইব্রাহিম হোসেনের জায়গায় পাপন সিংহ ও ব্রুনো মাতোসের জায়গায় এনামুল ইসলাম গাজীকে মাঠে
নামান তিনি। ৪৩ মিনিটে গাজীর পা থেকেই ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। শেখ মোরসালিনের
বাঁকানো ফ্রি কিক থেকে অসাধারণ এক ভলিতে বল জালে জড়ান এই মিডফিল্ডার।
বিরতির
পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু আবাহনীর রক্ষণ আর ভাঙতে পারেননি। ৯০ মিনিট
শেষ হওয়ার পর যোগ করা সময়ের প্রথম মিনিটে আবাহনীর আলমগীর মোল্লা দ্বিতীয় হলুদ কার্ড
পাওয়ার মতো ফাউল করায় রেফারিকে বাধ্য হয়ে লাল কার্ডও বের করতে হয় পকেট থেকে। যদিও তা
কোনো প্রভাব ফেলেনি আবাহনীর জয়ে। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠে এসেছে তারা।
এক পয়েন্ট বেশি নিয়ে পাঁচে পুলিশ।
মানিকগঞ্জে
ফর্টিসও জয়সূচক গোলটি পায় প্রথমার্ধে। ১৬ মিনিটে পা ওমর বাবুর ফ্রি কিকে জটলার মধ্য
থেকে পা ছুঁইয়ে দলকে উচ্ছ্বাসে ভাসান রিয়াজ উদ্দিন সাগর। দ্বিতীয়ার্ধে আবাহনীর মতো
১০ জনের দলে পরিণত হয় ফর্টিস। ম্যাচের ৭৪ মিনিটে আরামবাগের শহীদুল ইসলামের মুখে কনুই
দিয়ে আঘাত করে সরাসরি লালকার্ড দেখেন আতিকুর রহমান ফাহাদ। কিন্তু এক জন বেশি নিয়ে খেলেও
আরামবাগ পারেনি আর ম্যাচে ফিরতে। ৪ ম্যাচে জয়হীন থেকে ১ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে আছে
তারা। জয়ে ৭ পয়েন্ট নিয়ে ফর্টিস উঠে এসেছে টেবিলের তিনে। কাল ফুটবল লিগে রয়েছে তিনটি
ম্যাচ। শীর্ষস্থান দখলের লড়াইয়ে রহমতগঞ্জের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। ৭ পয়েন্ট নিয়ে
দুই দলই যৌথভাবে রয়েছে শীর্ষে।
আরকে/প্রবা