মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, নারী ক্রিকেটসহ সার্বিক ক্রীড়াঙ্গনে যৌন হয়রানির প্রতিটি অভিযোগ সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দ্রুত সমাধান করতে হবে এবং অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা যেন কোনো দল বা খেলোয়াড় ব্যবস্থাপনায় যুক্ত থাকতে না পারেন—এ দাবি জানান বক্তারা।
সাম্প্রতিক সময়ে শ্যুটার তাসমায়াতি এমা আলী ও জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলমসহ কয়েকজন নারী ক্রীড়াবিদ যৌন হয়রানির অভিযোগ প্রকাশ্যে আনেন। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা জাহানারার অভিযোগের তদন্তে বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুততার সঙ্গে তদন্ত এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এছাড়া ক্রীড়াঙ্গনে নারী নেতৃত্ব বৃদ্ধি ও মেয়েদের ক্রীড়ায় কোচ, ম্যানেজার, ফিজিওথেরাপিস্ট এবং ট্রেনারসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে নারীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি করা হয়।
বক্তারা জোর দিয়ে বলেন, নিরাপদ ক্রীড়াঙ্গন নির্মাণে যৌন হয়রানি ও নিপীড়নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি, আর এ জন্য কঠোর নীতিমালা ও বাস্তবায়ন জরুরি।
আরকে/প্রবা
