ট্রাই নেশন ওমেন্স ফুটবল সিরিজ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ২২:৩৮ পিএম
আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান
কাপ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ওই টুর্নামেন্টের প্রস্তুতিমূলক একটি সিরিজ (ট্রাই নেশন ওমেন্স ফুটবল সিরিজ) ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বুধবার থেকে। যেখানে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে এশিয়ার
মালয়েশিয়া ও ইউরোপের আজারবাইজান। এর আগে এশিয়া ও মধ্য এশিয়ার দলগুলোর সঙ্গে খেললেও
ইউরোপের কোন দেশের সঙ্গে খেলেনি ‘বাংলার বাঘিনী’রা। এমন সুযোগ পেয়ে রোমাঞ্চিত দলের
অধিনায়ক আফঈদা খন্দকার। সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সিরিজ পূর্ববর্তী
এক সংবাদ সম্মেলনে লাল-সবুজের এই অধিনায়ক বলেন, ‘ইউরোপের দলের বিপক্ষে ম্যাচ আমাদের
জন্য ভালোই হবে। তাদের ভিডিও ফুটেজ এখনো দেখিনি। কোচ নিশ্চয়ই ম্যাচের আগে আমাদের তা
দেখাবেন।’
থাইল্যান্ডে দুই ম্যাচ সিরিজের প্রথম
ম্যাচের পর কোচ ফুটবলারদের খেলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার প্রায় তিন সপ্তাহে পুরো
দল পাওয়ায় খুশি ব্রিটিশ কোচ পিটার বাটলার, ‘থাইল্যান্ড সফরের আগে খুব স্বল্প সময় ছিল
প্রস্তুতির জন্য। এবার ২২ দিন এক সঙ্গে অনুশীলন হয়েছে। আশাকরি পারফরম্যান্স অবশ্যই ভালো হবে।’

মালয়েশিয়া র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে
দশ ধাপ এগিয়ে থাকলেও আগে তাদের হারানোর রেকর্ড রয়েছে। আজারবাইজাইন ইউরোপিয় দল হলেও
তাদের র্যাংকিং ৭৪। যেখানে বাংলাদেশ মিয়ানমারের মতো আরো এগিয়ে থাকা দলের বিপক্ষে জিতেছে।
ফলে বাংলাদেশ দুই ম্যাচই জিতে এশিয়ান কাপের প্রস্তুতি স্বাভাবিক রাখতে চায়। কোচের কথা,
‘আমরা অবশ্যই সঠিক পথে রয়েছি। সামনের দু’টো ম্যাচে ইতিবাচক ফলাফলই প্রত্যাশা করছি।
কোরিয়া, থাইল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে গোল হজম করা স্বাভাবিক, আমি বাস্তবিক জগতে
বাস করি।’ 
এখানে খেলা শেষ করে বাংলাদেশ দল আবার
চট্টগ্রাম ফিরে যাবে। তারপর মালয়েশিয়ায় সিনিয়র ও অনূর্ধ-২০ দল একসঙ্গে ট্রেনিংয়ে যাবে।
মালয়েশিয়া জাতীয় ও ক্লাব দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে। মালয়েশিয়া এখন ঢাকায়। আজারবাইজান
আসছে আজ। ২৬ নভেম্বর মালয়েশিয়া এবং ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
এদিকে চুক্তিভুক্ত হলেও সিনিয়র পাঁচ ফুটবলারকে জাতীয় দলে না ডাকার বিষয়ে অনড় কোচ পিটার।
সংবাদ সম্মেলনে সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও
মাতসুশিমা সুমাইয়াদের বিষয়ে কোন কথা বলতে চাননি তিনি। বাংলাদেশ নারী ফুটবল দল সর্বশেষ গত
অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল। সেই স্কোয়াডে থাকা ২৩ জনের সবাই
আছেন এই দলেও। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন মামনি চাকমা ও তনিমা বিশ্বাস। মামনিকে ২৩
জনের মূল স্কোয়াডে থাকলেও তনিমার জায়গা হয়েছে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে। তাঁর সঙ্গে
রুমা আক্তারও এই সিরিজে স্ট্যান্ডবাই খেলোয়াড়।
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল : রুপনা চাকমা,
মিলি আক্তার, স্বর্ণা রানী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মামনি চাকমা,
শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা
চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমহেলা মারমা, শাহেদা আক্তার, মোসাম্মৎ সুলতানা,
মোসাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান,
রুমা আক্তার ও তনিমা বিশ্বাস।
আরকে/প্রবা