ইংলিশ প্রিমিয়ার লিগ
মাছুম বিল্লাহ
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৯:৩৬ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫ ১৯:৩৯ পিএম
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা পাঁচ জয়ে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। দাপুটে শুরুতে শিরোপা ধরে রাখার স্বপ্নও জোরালো হয়েছিল সমর্থকদের মধ্যে। তবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে অপ্রত্যাশিত হোঁচট বদলে দেয় চিত্র। ২–১ গোলে সেই হারেই শুরু হয় লিভারপুলের ব্যর্থতার ধাপ, যা টানা চার ম্যাচ পর্যন্ত গড়ায়। এরপর অ্যাস্টন ভিলার বিপক্ষে এক জয় কিছুটা স্বস্তি ফেরালেও স্থায়ী হয়নি সেই স্বস্তি। এ যেন অন্য সালাহ অন্য লিভারপুল। প্রিমিয়ার লিগে যেনো খারাপ সময়টা শেষই হচ্ছে না। তবে চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে তিন জয় ও এক হারে শীর্ষে আটে আছে মোহাম্মদ সালাহের লিভারপুল।
চ্যাম্পিয়নস লিগে স্প্যানিশ
জায়ান্ট রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফিরতি আত্মবিশ্বাসের বার্তা দিয়েছিল দলটি। অনেকেই মনে
করেছিলেন, আবারও ধীরে ধীরে ছন্দে ফিরছে লিভারপুল। কিন্তু সেই প্রত্যাবর্তন খুব দ্রুতই
ম্লান হয়ে যায়। মৌসুমজুড়ে নিজেদের খুঁজে বেড়ানো নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ঘরের মাঠেই
নতুন করে বড় ধাক্কা খেল আর্নে স্লটের দল।
গত মৌসুমেও নটিংহ্যামের
বিপক্ষে দুই লেগেই পয়েন্ট হারিয়েছিল লিভারপুল। অ্যাওয়ে
ম্যাচে ১–০ গোলে হারের পর ঘরের মাঠে ১–১ ড্র করেছিল তারা। সেই ব্যর্থতার ধারা এবার আরও গাঢ় হলো। প্রিমিয়ার
লিগে ৯ নভেম্বর ম্যানচেস্টার সিটির মাঠে ৩–০ গোলে পরাজিত হওয়ার পর আন্তর্জাতিক বিরতি শেষে
আবারও একই ব্যবধানে হারতে হলো নিজস্ব মাঠে।
টানা ব্যর্থতার কারণে
লিগ টেবিলেও নিচে নেমে গেছে লিভারপুল। প্রথম পাঁচ ম্যাচে টানা পাঁচ জয়ের পর পরের সাত
ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা। ১২ ম্যাচ শেষে ৬ জয়ে লিভারপুলের পয়েন্ট ১৮, অবস্থান
১১তম স্থানে। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা পিছিয়ে ৮ পয়েন্টে, তাও আর্সেনাল একটি
ম্যাচ কম খেলেছে। টানা ব্যর্থতায় দিশেহারা লিভারপুল এখন ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে। স্লটের
সামনে তাই মৌসুমে টিকে থাকার লড়াই আরও কঠিন হয়ে উঠছে। শীর্ষ চারে থাকা নিয়ে রয়েছে কিছুটা দুশ্চিন্তা।